আবারও তারুণ্যনির্ভর দল গড়লেন আনচেলত্তি
এবারও দলে নেই গোলরক্ষক আলিসন; তবে ব্রাজিল কোচ জানালেন, সময় হলেই ডাকা হবে তাকে।
বছরের শেষ দুই ম্যাচের জন্যও গতবারের মতো নতুন ও তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নতুন দল গড়ে তোলার পরিকল্পনায় আবারও বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি।
আগামী ১৪ নভেম্বর জাপান ও এর তিন দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে। এজন্য ২৬ সদস্যের দল দিয়েছেন আনচেলত্তি।
কয়েক বছরের হতাশাজনক ফল এবং সবশেষ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর, পরবর্তী বিশ্বকাপ ও কোপা আমেরিকার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন কোচ। নতুন এক স্কোয়াড গড়ে তুলতে ‘বুড়োদের’ বাদ দিয়ে তরুণদের ওপর আস্থা রাখার কথা একাধিকবার বলেছেন তিনি।
এবারের স্কোয়াডেও সেটা দেখা যাচ্ছে। সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে তিনটি ম্যাচের জন্য ৯ জন নতুন মুখ নিয়ে দল গড়েন আনচেলত্তি। আর এবার তার স্কোয়াডে অলিম্পিক বয়সি খেলোয়াড় আছে ৯ জন এবং ২৩ বছরের নিচে ১৫ জন।
দল ঘোষণার সংবাদ সম্মেলনেও নিজের পরিকল্পনায় স্থির থাকার ওপর জোর দিলেন আনচেত্তি।
“২০২৭ এর আগে, সঠিক একটা লক্ষ্য খুঁজে পেতে আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। আমার বিশ্বাস, ২০২৮ এর প্রথম প্রীতি ম্যাচের আগে, তখন বিশ্বকাপ বাছাইপর্বও শুরু হয়ে যাবে এবং কোপা আমেরিকা মাঠে গড়াবে, সবকিছুর জন্য আমাদের তখন একটা গোছানো দল থাকবে।
“দল ঢেলে সাজানোর জন্য ২০২৭ সালকে আমাদের সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে।”
বিশ্বকাপের পর প্রথম পছন্দের গোলরক্ষক আলিসনকে আর দলে ডাকেননি কোচ। একই অবস্থা আরেক অভিজ্ঞ গোলরক্ষক এদেরসনেরও।
লিভারপুলের আলিসনকে নিজের ভাবনা জানালেন আনচেলত্তি।
“আলিসনকে যাচাই করার দরকার নেই আমাদের। তার সম্পর্কে আমরা ভালো করেই জানি। সে সেরা গোলরক্ষক।
“কোপা আমেরিকা শুরু হলে সে ডাক পাবে, এবং অন্যদের জন্যও বিষয়টা একই। এখন সময় অন্যদের দেখার, দল পুনর্গঠন করা এবং তরুণ খেলোয়াড়দের তাদের সেরাটা দিতে সাহায্য করার।”
ছয় মাস পর দলে ফিরেছেন গোলরক্ষক বেন্তো। আর আগে বেশ কয়েকবার দলে ডাক ফেলেও জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া লুকাস পেরি সুযোগ পেয়েছেন। আর সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলা পেদ্রো জায়গা ধরে রেখেছেন।
চলতি মৌসুমে ক্লাব চেলসির হয়ে কেবল দুটি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন এস্তেভোঁ। তবে ১৯ বছর বয়সি এই ফরোয়ার্ডের ওপর ঠিকই আস্থা রেখেছেন আনচেলত্তি।
এছাড়া আক্রমণভাগে প্রত্যাশিতভাবে আরও আছেন ভিনিসিউস জুনিয়র, হাফিনিয়া ও এন্দ্রিক।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি, পেদ্রো
ডিফেন্ডার: আর্তুর দিয়াস, দগলাস সান্তোস, কার্লোস আউগুস্তো গাব্রিয়েল মাগালাইস, জাইর, ইয়োনাথান জেসুস, ভান্দেরসন, ভিতো হেইস, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রেই সান্তোস, ব্রুনো গিমারাইস, দানিলো, গাব্রিয়েল বন্তেম্পো, জোয়াও গোমেজ, মারলন গোমেজ
ফরোয়ার্ড: আলিসন সান্তানা, আলান, এস্তেভোঁ, হাফিনিয়া, হায়ান, এন্দ্রিক, ভিনিসিউস জুনিয়র
