হাফিনিয়া-ভিনিসিউসদের নিয়ে ক্লাবগুলোকে আশ্বস্ত করলেন আনচেলত্তি
ব্রাজিল কোচ বলেছেন, খেলোয়াড়দের স্বাস্থ্যই তার কাছে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ পাবে।
ব্রাজিলের আসন্ন দুই প্রীতি ম্যাচে তারকা ফুটবলারদের অংশগ্রহণ নিয়ে ইউরোপের ক্লাবগুলোর উদ্বেগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কার্লো আনচেলত্তি। ক্লাবগুলোকে আশ্বস্ত করে ব্রাজিল কোচ বলেছেন, খেলোয়াড়দের স্বাস্থ্যই তার কাছে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ পাবে।
জাতীয় দলে বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়ার ডাক পড়ায় আগাম দুশ্চিন্তার কথা প্রকাশ্যেই বলেন ক্লাবটির কোচ হান্সি ফ্লিক। ব্রাজিলের হয়ে সবশেষ দু্ই অভিযানেই এই ফরোয়ার্ড চোটে পড়ায়, অমন উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।
সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দিন শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লাবগুলোকে নিশ্চিন্ত থাকতে বলেন আনচেলত্তি।
“খেলোয়াড়ের স্বাস্থ্যই সবসময় অগ্রাধিকার পায়। যদি কোনো খেলোয়াড় শতভাগ ফিট থাকে, তবেই সে অনুশীলন করবে এবং খেলবে। আমরা খেয়াল রাখি সে কতক্ষণ মাঠে থাকছে। জাতীয় দলের বিষয়ে ক্লাবগুলো নিশ্চিন্ত থাকতে পারে। খেলোয়াড়ের স্বাস্থ্যই সবার আগে। আমরা সবসময় চাই, খেলোয়াড়রা যেন কোনো চোট ছাড়াই পুরোপুরি খেলার মতো অবস্থায় ক্লাবে ফিরে যেতে পারে।
কয়েক বছরের হতাশাজনক ফল এবং সবশেষ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর, পরবর্তী বিশ্বকাপ ও কোপা আমেরিকার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন আনচেলত্তি। নতুন এক স্কোয়াড গড়ে তুলতে ‘বুড়োদের’ বাদ দিয়ে তরুণদের ওপর আস্থা রাখার কথা একাধিকবার বলেছেন তিনি।
সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে তিনটি ম্যাচের জন্য ৯ জন নতুন মুখ নিয়ে দল গড়েন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। এবার জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য পাঁচ জন নতুন খেলোয়াড়কে দলে ডেকেছেন তিনি।
আনচেলত্তি জানালেন, এবারের আন্তর্জাতিক বিরতি দিয়েই ব্রাজিল দলের এই ‘পরীক্ষামূলক পর্যায়’ শেষ হচ্ছে।
“এই ফিফা আন্তর্জাতিক বিরতির সঙ্গে সঙ্গেই আমাদের পরীক্ষামূলক পর্যায় শেষ হবে। পরবর্তী ধাপে আমরা দল সম্পর্কে আরও ভালো ধারণা পাব। এই সময়টা আমাদের তরুণ খেলোয়াড়দের সম্পর্কে অনেক তথ্য দিয়েছে। আমাদের দলে খুব প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ তরুণ খেলোয়াড় রয়েছে, যা ভবিষ্যতের জন্য আমাদের আত্মবিশ্বাস জোগায়।
“আমাদের দলে উঁচু মানের খেলোয়াড় আছে। কিছু পজিশনে আমাদের হাতে পর্যাপ্ত বিকল্প থাকলেও, কিছু পজিশনে কিছুটা ঘাটতি রয়েছে, তবে আমাদের হাতে এখনও সময় আছে।”
