ব্রাজিল দলে ‘যে কোনো’ পজিশনে খেলতে প্রস্তুত সান্তোস
জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে কী করতে হবে, সেটাও ভালো করে জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।
মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। এই পজিশনে খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আন্দ্রেই সান্তোস। তবে গোল করার সামর্থ্যের জন্যও পরিচিতি আছে তার। তাই ব্রাজিল জাতীয় দলে কোচ যেখানে চাইবেন, সেখানে খেলতে কোনো আপত্তি নেই ২২ বছর বয়সি এই ফুটবলারের।
গত বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে থাকলেও, শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা পাননি সান্তোস। তবে বিশ্বকাপ পরবর্তী দুটি দলেই তিনি ডাক পেয়েছেন- সেপ্টেম্বর ও অক্টোবরে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য এবং চলতি মাসে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য।
সুযোগগুলো পেয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সন্তুষ্টির কথা জানান সান্তোস। জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে কী করতে হবে, সেটাও ভালো করে জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।
“সত্যি বলতে, আমি খুবই আত্মবিশ্বাসী। আমার মনে হয়, এই নতুন যাত্রা সবার জন্যই, বিশেষ করে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, আমি এখনও তরুণ, আমার বয়স কেবল ২২ বছর।
“ব্রাজিল জাতীয় দল আমার কাছে অনেক বড় কিছু; কারণ আমি সবসময়ই এমন একটি মুহূর্তের স্বপ্ন দেখেছি। এখানে আসতে পেরে আমি খুবই খুশি। তবে হ্যাঁ, এখানে টিকে থাকতে হলে আমাকে ক্লাবেও নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে হবে।”
গত মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাজেমিরো, তার শূন্যতা পূরণের জন্য চেলসি থেকে সান্তোসকে দলে নেয় প্রিমিয়ার লিগের ক্লাবটি।
আক্রমণ গড়ে দেওয়ার পাশাপাশি সান্তোসের গোল করার সামর্থ্যের প্রমাণ মেলে ২০২৩ সালের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে। ওই আসরে তার অধিনায়কত্বেই শিরোপা জেতে ব্রাজিল। ছয়টি গোল করে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।
ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলা সান্তোস তাই দলে পজিশন নিয়ে খুব একটা ভাবছেন না।
“আমি ঠিক কোন পজিশনে খেলব, তা বলা কঠিন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে প্রয়োজনে আরও সামনের দিকেও খেলতে পারি। কোচ যেখানেই আমাকে প্রয়োজন মনে করবেন, আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে আগামী শনিবার জাপানের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। তিন দিন পর একই মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।
