১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ব্রাজিল দলে আর্সেনালের মতো জমাট রক্ষণ চান গাব্রিয়েল

সাফল্যের খোঁজে বেশি গোল দেওয়া নয়, গোল আটকানোয় জোর দিতে চান ব্রাজিল ডিফেন্ডার গাব্রিয়েল মাগালাইস।

ব্রাজিল দলে আর্সেনালের মতো জমাট রক্ষণ চান গাব্রিয়েল

ডিফেন্ডার গাব্রিয়েল মাগালাইস। ছবি: সিবিএফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 06:48 PM

Updated : 11 Nov 2026, 06:48 PM

পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল ইতিহাস ঘাটলে অবিশ্বাস্য সব গোলদাতার নাম উঠে আসে, যারা সুন্দর ফুটবলের মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দিতে ছিলেন পটু। পেলে-তোস্তাও-জাইরজিনিয়ো থেকে শুরু করে রোমারিও-রোনালদো, আরও কত কত তারকা; কিন্তু সেসব যেন এখন সূদর অতীত। তাইতো, সাফল্যের খোঁজে বেশি গোল দেওয়া নয়, গোল আটকানোয় জোর দিতে চান দলটির ডিফেন্ডার গাব্রিয়েল মাগালাইস।

সেই লক্ষ্যে হাঁটতে নিজের ক্লাব আর্সেনালের কৌশল আপন করে নিতে চান তিনি। ব্রাজিল জাতীয় দলকে যেন ইংলিশ দলটির প্রতিরূপ বানাতে চাইছেন ২৮ বছর বয়সি এই সেন্টার-ব্যাক।

এবারের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই হবে সিঙ্গাপুরে। সেখানেই বুধবার সংবাদ সম্মেলনে এসে দল নিয়ে নিজের ভাবনা জানান গাব্রিয়েল।

“এই বিষয়ে (কম গোল হজম করা) আমরা ক্লাবে অনেক আলোচনা করি, আমাদের স্কোয়াডের মান নিয়ে কথা বলি। ম্যাচে আমরা যদি গোল হজম না করি, তাহলে আমরা জয়ের কাছাকাছি থাকব।

“এই বিষয়ে আমরা জাতীয় দলেও অনেক আলোচনা করি। গোল হজম না করাটা গুরুত্বপূর্ণ। আমাদের দারুণ মানসম্পন্ন খেলোয়াড় আছে, যারা বড় বড় ক্লাবে খেলে।”

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলে সাতটিতেই জাল অক্ষত রেখেছে আর্সেনাল। এই ম্যাচগুলোয় ১৫ গোল করার বিপরীতে হজম করেছে কেবল পাঁচটি।

গাব্রিয়েলের এমন চাওয়ার অবশ্য বিশেষ একটা কারণও আছে। কয়েক বছর ধরে নিজেদের সেরা রূপের ধারেকাছে নেই ব্রাজিল দল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, কিন্তু সবশেষ বিশ্বকাপ জিতেছে সেই ২০০২ সালে। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে গত ছয় আসরে তাদের সর্বোচ্চ সাফল্য, ঘরের মাঠে ২০১৪ সালে সেমি-ফাইনালে ওঠা। চারবার খেলেছে সেমি-ফাইনাল, এবং সবশেষ আসরে শেষ ষোলোতেই বিদায়।

সবশেষ কোনো শিরোপা জিতেছে ২০১৯ সালে, কোপা আমেরিকা। প্রতিযোগিতাটির গত আসরে নকআউট পর্বের শুরুতেই ছিটকে যায় তারা। এমন কক্ষচ্যূত দলকে পথে ফেরানোর দায়িত্ব নিয়েছেন ক্লাব ফুটবলের দারুণ সফল কোচ কার্লো আনচেলত্তি।

সেলেসাওদের পথে ফেরাতে দল পুনর্গঠনের পথে হাঁটছেন কোচ। সুযোগ দিচ্ছেন অনেক তরুণ খেলোয়াড়দের।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে আগামী শনিবার জাপানের বিপক্ষে খেলবে আনচেলত্তির দল। তিন দিন পর একই মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।