নতুন চুক্তির বিষয়ে এখনই আলোচনায় নারাজ ফের্নান্দস
নিজের ভবিষ্যৎ নিয়ে এখন আলোচনার উপযুক্ত সময় মনে করছেন না ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।
ব্রুনো ফের্নান্দসকে ধরে রাখতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ মিডফিল্ডারকে তাই নতুন চুক্তির প্রস্তাবও দিয়েছে তারা। তবে আপাতত চুক্তি নিয়ে কথা বলতে চান না ফের্নান্দস। নিজের ভবিষ্যৎ নিয়ে এখন আলোচনার উপযুক্ত সময় মনে করছেন না তিনি।
ইউনাইটেডের সঙ্গে ৩২ বছর বয়সি ফের্নান্দসের চুক্তির বর্তমান মেয়াদ চলতি মৌসুম পর্যন্ত। যদিও মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ক্লাবের হাতে।
আগের কোচ মাইকেল ক্যারিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে একাদশের বাইরে থাকতে হয় ফের্নান্দসকে। তবে ক্লাবের সঙ্গে তার কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন এই ফুটবলার। গত কয়েক মৌসুমে অন্য ক্লাব থেকে প্রস্তাব পেলেও ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ক্লাবটির অধিনায়ক।
ইউনাইটেড থেকে নতুন চুক্তির প্রস্তাব পাওয়ার বিষয়টি স্কাই স্পোর্টসকে নিশ্চিত করেন ফের্নান্দস।
“ক্লাব আমাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। তাই আমার মনে হয়, তাদের দিক থেকে এটা প্রমাণ করে যে তারা আমাকে ধরে রাখতে চায়। এখন কোনো আলোচনা চলছে না। তবে আমি দেখেছি, অনেকে বলছে, ‘সে আরও বেশি বেতন চেয়েছে, চুক্তির মেয়াদ আরও বাড়াতে চেয়েছে।’ আমি যদি আরও বেশি অর্থ চাইতাম, তাহলে এখানে থাকতাম না।
“ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার চেয়ে অনেক বেশি টাকা পাওয়ার মতো জায়গায় যাওয়ার সুযোগ আমার ছিল। ম্যানচেস্টারের চেয়ে আরও আরামদায়ক পরিবেশে থাকতে পারতাম। দুই গ্রীষ্ম আগে, তিন গ্রীষ্ম আগে, গত গ্রীষ্মেও- সবসময়ই আমার ক্লাব ছাড়ার সুযোগ ছিল, কিন্তু আমি সবসময়ই এখানে থাকাকে বেছে নিয়েছি।”
সম্প্রতি ফের্নান্দসের চুক্তি নিয়ে কথা বলেছেন ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমার বেরাদা, “এটা সত্যি যে তার নতুন চুক্তি নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। তবে বিষয়টি আমি গোপনই রাখতে চাইব।”
২০২০ সালে স্পোর্তিং থেকে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে ৭৫টি গোল করেছেন ফের্নান্দস। গত মৌসুমে প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি।
তবে চলতি মৌসুমে ফের্নান্দসের পারফরম্যান্সে ভাটা পড়েছে। মাঠে বাজে সময় পার করছে ইউনাইটেডও। পয়েন্ট টেবিলে ১৯তম স্থানে আছে দলটি।
চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে ফের্নান্দেস আরও বলেন, “গত মৌসুমের শেষ দিকে আমরা চুক্তি নিয়ে কথা বলেছিলাম। চলতি মৌসুমের শুরুতেও চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু দলের ও ক্লাবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি বিষয়টি আপাতত পাশে সরিয়ে রেখেছি। কারণ, আমার মনে হয় না এখন চুক্তি নিয়ে আলোচনার সঠিক সময়। আমার জন্যও নয়, ক্লাবের জন্যও নয়।
“এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ক্লাবের আবারও ম্যাচ জেতা শুরু করা।”
নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর দায়িত্বে রোববার প্রথম ম্যাচ খেলবে ইউনাইটেড। অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে তারা।
