আলিসনের ভবিষ্যৎ ভাবনা
লিভারপুলে চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে ৩৪ বছর বয়সি ব্রাজিলিয়ান গোলরক্ষকের।
যে ক্লাবে খেলে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন হয়ে উঠেছেন আলিসন, সেখানে তার চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। তবে চলতি মৌসুমের পরেও লিভারপুলের হয়ে খেলতে চান ব্রাজিলিয়ান গোলরক্ষক।
ইতালিয়ান ক্লাব রোমা থেকে ছয় কোটি ৬৮ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ২০১৮ সালে অ্যানফিল্ডে পাড়ি জমান আলিসন। লিভারপুলের জার্সি পরে এখন পর্যন্ত ৩৪৭টি ম্যাচ খেলেছেন তিনি, দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন আরও কয়েকটি শিরোপা।
তার চুক্তির মেয়াদ চলতি মৌসুমে শেষ হতে যাচ্ছে। তবে দা অ্যাথলেটিকের সঙ্গে আলাপে এই তারকা স্পষ্ট করে জানিয়ে দিলেন, নতুন চুক্তি করতে আগ্রহী তিনি।
“হ্যাঁ, আমি থাকতে চাই। এখানে প্রতিটি ম্যাচ খেলার লক্ষ্য আমার, এবং আমি এখানে থাকতে পারলে খুশি হব।”
গত মাসে ৩৪ বছর পূর্ণ হয়েছে আলিসনের। তাই শীর্ষ পর্যায়ে খেলে যেতে হলে ফিটনেস ধরে রাখতে হবে এবং পারফর্ম করতে হবে, বিষয়গুলো বুঝতে পারছেন তিনি।
“বিষয়টা অনেক কিছু ও ভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করছে। কিন্তু আমার ইচ্ছা এখানে থাকার- আমি এখানে ভালো আছি এবং আমার পরিবারও এখানে থাকতে পেরে খুশি।
“এখনও আমি শিরোপা এবং ভালো পারফরম্যান্সের জন্য ক্ষুধার্ত। যতদিন পারি আমি শীর্ষ পর্যায়ে খেলতে চাই, এটাই আমরা ভাবনা।”
গত সপ্তাহে লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা বলেন, তিনি জানেন না এটা আলিসনের এখানে শেষ মৌসুম কি না, তবে আশা প্রকাশ করেন এই গোলরক্ষক যেন ‘আরও কিছুদিন এখানে থাকে।’
ক্লাবের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে আলিসন বলেন, “না, কিন্তু আমার এজেন্ট ক্লাবের সঙ্গে কথা বলছে।”
এবারের প্রিমিয়ার লিগে ১০ রাউন্ডে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল।
আর চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে তারা।
