০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ফ্রান্স দলে ফিরলেন চুয়ামেনি, নতুন মুখ পেজিস

রেয়াল মাদ্রিদ থেকে চার ফুটবলার দলে ডাক পেয়েছেন, চোটের কারণে নেই উসমান দেম্বেলে।

ফ্রান্স দলে ফিরলেন চুয়ামেনি, নতুন মুখ পেজিস

অহেলিয়া চুয়ামেনি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 01:12 AM

Updated : 07 Nov 2026, 01:12 AM

কোচ জিনেদিন জিদানের প্রথম ফ্রান্স স্কোয়াডে অনুপস্থিত থাকলেও, এবার দলে ফিরেছেন অহেলিয়া চুয়ামেনি। তিনিসহ রেয়াল মাদ্রিদের চার ফুটবলার ডাক পেয়েছেন আসন্ন দুই ম্যাচের দলে। যেখানে নতুন মুখ পাবলো পেজিস।

উয়েফা নেশন্স লিগে ইতালি ও তুরস্কের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন জিদান। রেয়াল মাদ্রিদ থেকে চুয়ামেনির সঙ্গে আরও আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে, এদুয়ার্দো কামাভিঙ্গা ও ইব্রাহিমা কোনাতে।

স্কোয়াডের সবচেয়ে বড় চমক প্যারিস এফসির ২৩ বছর বয়সি অ্যাটাকিং মিডফিল্ডার পেজিস। এই মৌসুমে লিগ আঁয় ৯ ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।

চুয়ামেনির মতো দলে ফিরেছেন মার্কাস থুরামও। চোটের কারণে দলে নেই উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা, জুল কুন্দের মতো খেলোয়াড়রা।

আগামী বৃহস্পতিবার ইতালির মাঠে খেলবে ফ্রান্স। এর তিন দিন পর ঘরের মাঠে তুরস্কের মুখোমুখি হবে দুইবারের বিশ্বকাপজয়ীরা।

নেশন্স লিগে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। ৭ পয়েন্ট নিয়ে ইতালি দুইয়ে, ৬ পয়েন্ট নিয়ে বেলজিয়াম তিনে আছে। চার ম্যাচেই হেরে তলানিতে তুরস্ক।

শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার-ফাইনালে। প্রত্যেকেরই ম্যাচ বাকি আছে দুটি করে।