১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ডোকুকে নিয়ে বেলজিয়াম কোচের মধুর সমস্যা

তবে সেরা গোলস্কোরার রোমেলু লুকাকুকে হারানোর হতাশাও আছে তার।

ডোকুকে নিয়ে বেলজিয়াম কোচের মধুর সমস্যা

অনুশীলনে জেরেমি ডোকু। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 04:38 PM

Updated : 12 Nov 2026, 04:38 PM

উইঙ্গার জেরেমি ডোকু স্কোয়াডে ফেরায় শক্তি বেড়েছে বেলজিয়ামের। উয়েফা নেশন্স লিগে শেষ দুই ম্যাচের আগে যা কোচ মার্ক ফন বোমেলকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে।

গত জুন-জুলাইয়ের বিশ্বকাপে অসুস্থতার কারণে নিজের সেরাটা মেলে ধরতে পারেননি ডোকু। পরে চোটের কারণে তিনি খেলতে পারেননি এবারের নেশন্স লিগের প্রথম চার ম্যাচে।

এখন অবশ্য পুরোপুরি সুস্থ আছেন ডোকু, এবং বৃহস্পতিবার তুরস্কের বিপক্ষে খেলতে প্রস্তুত। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১১ টায়।

ডোকুকে ফিরে পাওয়াটা যে খুব কাঙ্ক্ষিত ছিল, তা আগের দিন সংবাদ সম্মেলনে ফন বোমেলের কথায় ফুটে ওঠে।

“স্কোয়াডে জেরেমিকে ফিরে পেয়ে আমি খুব খুশি।

“সে ফেরায় অবশ্যই শুরুর একাদশ সাজানো কঠিন হবে। কিন্তু আমি মনে করি, পাঁচ উইঙ্গারের সবাই যেকোনো দিকে খেলতে পারে। এটা অনেকটা ধাঁধার মতো হবে, তবে এমন সমস্যা থাকাটাও দারুণ। কে খেলবে, আমি এখন বলতে পারছি না।”

ওই মধুর সমস্যার মাঝে বড় একটা ঘাটতিও অবশ্য আছে ফন বোমেলের। বেলজিয়ামের রেকর্ড গোলদাতা রোমেলু লুকাকুকে পাচ্ছেন না তিনি।

“রোমেলু নিতম্বে কিছু সমস্যা বোধ করছে। গতকাল সে এই সমস্যা অনুভব করেছিল। এখনও অবশ্য সে অনুশীলন করতে সক্ষম, কিন্তু তাকে না খেলানোর বিষয়ে আমরা একমত হয়েছি।”

নেশন্স লিগে প্রথম চার ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের তিনে আছে বেলজিয়াম। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ইতালি ও ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স।

চারটিতেই হেরে সবার শেষে তুরস্ক।