জাপানের বিপক্ষে হারের পর রেফারির সামর্থ্য নিয়ে আনচেলত্তির প্রশ্ন
নিজের লাল কার্ড দেখার কারণটাও জানালেন ব্রাজিলের প্রধান কোচ।
খুব বাজে শুরু, আক্রমণের ঝড় তুলে দারুণ প্রত্যাবর্তন, এবং শেষমুহূর্তে আরেক গোল হজম করে দুঃখজনক হার- জাপানের বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্সের সারমর্ম এই। সেই হতাশায় বাড়তি যোগ কার্লো আনচেলত্তি ও হাফিনিয়ার লাল কার্ড। ম্যাচ শেষে তাই কোচ আনচেলত্তির কণ্ঠে ঝরল হতাশা। রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেও নতুন বিতর্ক ছড়ালেন তিনি।
বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিপক্ষে শুরুতে চার মিনিটে দুই গোল হজমের পর, ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত দুটি গোলে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তবুও শেষ রক্ষা হয়নি তাদের, যোগ করা সময়ে আরেক গোল খেয়ে হেরে বসে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
জাপানের তিন গোলদাতা তাকেফুসা কুবো, কেইতো নাকামুরা ও তাতসুহিরো সাকামোতো। তৃতীয় গোলটি নিয়েই যত বিতর্কের শুরু।
যোগ করা সময়ের প্রথম মিনিটে মাঝমাঠের কাছে জোয়াও গোমেজের থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে জাপান এবং ডি-বক্সে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আসা বল ছয় গজ বক্সে পেয়ে আলতো শটে গোলরক্ষককে পরাস্ত করেন উইঙ্গার সাকামোতো।
গোলের বাঁশি বাজতেই তীব্র প্রতিবাদ জানায় ব্রাজিল। তাদের ডাগআউটেরও সবাই ক্ষোভ প্রকাশ করে। ছুটে গিয়ে আনচেলত্তি ও বার্সেলোনা ফরোয়ার্ড হাফিনিয়াকে লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠল, শুরুতে নিজের বহিষ্কার হওয়ার কারণ জানালেন আনচেলত্তি।
“রেফারি (জ্যানসেন ফু) আমাকে লাল কার্ড দেন, কারণ হিসেবে তিনি বলেন, আমি আমার বেঞ্চের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে পারিনি এবং সব খেলোয়াড় মাঠে চলে আসে।”
এশিয়ার এই দলের বিপক্ষে গত বিশ্বকাপেও প্রবল লড়াইয়ের মুখে পড়েছিল ব্রাজিল। সেই ম্যাচেও প্রথমে পিছিয়ে পড়ে তারা, পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতে শেষ ষোলোয় উঠতে পেরেছিল সেলেসাওরা। কিন্তু এবার আর তেমন কিছু করতে পারল না, উল্টো হেরেই গেল।
আক্রমণে ছড়ি ঘুরিয়ে, ভালো কিছুর সম্ভাবনা জাগিয়েও না পারায় ভীষণ হতাশ আনচেলত্তি। তবে হতাশা প্রকাশের মাঝেই রেফারিং নিয়ে বড় প্রশ্নটা তুললেন তিনি।
“ম্যাচের ফল হতাশাজনক, কারণ আমরা হারতে পছন্দ করি না। তবে ম্যাচে আমরা ভালো যা কিছু করেছি, সেদিকে দৃষ্টি দিতে হবে। অনেক ইতিবাচক দিক আছে। কয়েকজন খেলোয়াড় (জাতীয় দলের হয়ে) প্রথমবার খেলেছে এবং তারা ভালো মান দেখিয়েছে। ৭০ মিনিট পর্যন্ত দল ভালো খেলেছে।
“ম্যাচের ফলে অবশ্যই রেফারির পারফরম্যান্সের প্রভাব পড়েছে… কিন্তু এতে তার দোষের কিছু নেই; অনেক উঁচু মানের একটা ম্যাচ হলো এবং আমার মনে হয় না, তার এই মানের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে।”
বছরের শেষটা অন্তত ভালো করার লক্ষ্যে আগামী মঙ্গলবার স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল।
