‘আগামী ৩-৪ মাস জার্মান দলকে নিয়ে কেউ প্রশ্ন তুলবে না’
নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয়ে ভীষণ খুশি জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ।
আগের ম্যাচে যে দল প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে, সেই নেদারল্যান্ডসকে এবার স্রেফ উড়িয়ে দিয়েছে জার্মানি। দলের এমন দাপুটে পারফরম্যান্সে ভীষণ খুশি কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেছেন, আগামী কয়েক মাস তাদের নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।
নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে সোমবার ডাচদের জালে গোল উৎসব করে জার্মানরা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে একপেশে লড়াইয়ে ৫-০ গোলে জেতে চারবারের বিশ্বকাপজয়ীরা।
নতুন কোচ ক্লপের দায়িত্বে শুরুটা ভালো হয়নি জার্মানির। সেপ্টেম্বরে নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে ১-১ ড্র করে। পরের ম্যাচে হেরে যায় গ্রিসের বিপক্ষে। অক্টোবরে সার্বিয়াকে হারালেও গ্রিসের বিপক্ষে করে গোলশূন্য ড্র।
তবে নভেম্বরে এসে উন্নতির ছাপ রেখেছে জার্মানি। সার্বিয়ার বিপক্ষে জয়ের পর নেদারল্যান্ডসকে তো পাত্তাই দিল না তারা।
ডাচদের বিপক্ষে জোড়া গোল করেছেন ২৩ বছর বয়সি ফ্লোহিয়ান ভিয়েৎস। ২২ বছর বয়সি ব্রায়ান গ্রুডা দুটি গোলে সহায়তা করার পাশাপাশি নিজেও একটি গোল করেন। অন্য দুই গোলদাতা ২৪ বছর বয়সি ডেরি শেহান্ট ও ২৬ বছর বয়সি নিকো শ্লটারবেক।
দলের প্রতিটি গোলই উপভোগ করেছেন ক্লপ। তবে দলের খেলোয়াড়দের পরিশ্রম ও মাঠে তাদের নিবেদনকেও জয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি।
দলকে ঘিরে সাম্প্রতিক নেতিবাচক আলোচনা নিয়ে ক্লপ বলেন, “আজ যারা এখানে ছিল, সবাই মুখে হাসি নিয়ে বাড়ি ফিরবে এবং আগামী তিন-চার মাস জার্মান জাতীয় দল নিয়ে কেউ আর প্রশ্ন তুলবে না। এটা ভালো ব্যাপার।
“জার্মান দলকে নিয়ে যখন ভাববেন, তখন মনে হবে, আরে, এই দলটা তো দারুণ কিছু হয়ে উঠতে পারে, এটা ভালো ব্যাপার।”
এই জয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে কোয়ার্টা-ফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানি। গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটের টিকেট পেয়েছে ডাচরাও।
