২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মদ পানে’ ২ জনের মৃত্যু

পুলিশ বলছে, মৃতদেহ সৎকারের পর বিষয়টি জানাজানি হয়।

চট্টগ্রামে ‘মদ পানে’ ২ জনের মৃত্যু

ছবি: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 11:53 AM

Updated : 23 Nov 2026, 11:53 AM

চট্টগ্রামে ‘বিষাক্ত মদ’ পান করে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।

দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোববার মারা যান।

নিহতদের এক জনের বয়স ৫২, অপর জনের ৫০। আরও দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া ৩২ বছর বয়সি এক যুবক একটি বেসরকারি হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ আছেন।

পুলিশ বলছে, গত শুক্রবার রাতে মোহরা খেজুরতলা এলাকায় রেল লাইন সংলগ্ন মগধেশ্বরী মন্দির মোড়ে নকুল কুমার বিশ্বাসের গানের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান দেখতে আসাদের মধ্যে কেউ কেউ মদপান করে, তারপর তাদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন।

পরে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে মৃতদেহ সৎকারের পর বিষয়টি জানাজানি হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছি।”

তবে ৫০ বছর বয়সি ওই ব্যক্তির মৃত্যুর কারণ হাসপাতাল সনদে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ লিখেছেন চিকিৎসক।