রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো?
ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে সঠিক হাঁটার নিয়ম জেনে নিন।
রক্তে শর্করা বা ‘ব্লাড সুগার’ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হাঁটার কোনও বিকল্প নেই।
তবে অনেকেই ভাবেন, সকালে বা বিকেলে একটানা ৪৫ মিনিট হাঁটলেই সারাদিনের ব্যায়ামের কোটা পূরণ হয়ে যায়। আর সারাদিন ডেস্কে বসে কাজ করলেও কোনও সমস্যা নেই।
তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষকেরা বলছেন, একটানা দীর্ঘ সময় হাঁটার চেয়ে সারাদিনের দীর্ঘমেয়াদী বসে থাকার বিরতি ভেঙে কয়েকবার মাত্র ৫ মিনিট করে দ্রুত হাঁটলে রক্তে শর্করা অনেক বেশি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে থাকে।
গবেষণাটি কারা করেছেন এবং কী পাওয়া গেছে?
২০২৬ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক চিকিৎসা ও পুষ্টিবিষয়ক জার্নাল ‘ওবেসিটি’তে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেন ফ্রান্সের ‘ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ’-এর গবেষণা পরিচালক এবং যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব কলোরাডো আনশুটজ মেডিকেল ক্যাম্পাস’-এর সহযোগী অধ্যাপক ড. অড্রে বার্গুইগনান ও তার সহকর্মীরা।
এই ‘র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়ালে’ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছেন এবং দিনে ৬ ঘণ্টার বেশি বসে কাজ করেন, এমন ৩০ জন প্রাপ্তবয়স্ক মানুষকে দুটি দলে ভাগ করে ৬ সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করা হয়।
প্রথম দল (একটানা হাঁটা): সপ্তাহে ৫ দিন প্রতিদিন একবারে একটানা ৪৫ মিনিট দ্রুত হাঁটেন।
দ্বিতীয় দল (খণ্ড খণ্ড হাঁটা): সপ্তাহে ৫ দিন সারাদিনের বসে থাকার ফাঁকে, প্রতি এক ঘণ্টা পর পর মাত্র ৫ মিনিট করে দ্রুত হেঁটে মোট ৪৫ মিনিট পূর্ণ করেন।
কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর-এর তথ্যে দেখা গেছে, যারা সারাদিনে অল্প অল্প করে হেঁটেছেন, তাদের রক্তে শর্করা আদর্শ সীমার (৭০–১৪০ মিলিগ্রাম/ডেসিলিটার) মধ্যে থাকার সময় ৮২ শতাংশ থেকে বেড়ে ৯৪ শতাংশে উন্নীত হয়েছে।
বিপরীতে, যারা দিনে একবার একটানা ৪৫ মিনিট হেঁটেছেন, তাদের আদর্শ সীমায় থাকার হার ৮৯ শতাংশ থেকে কমে ৮০ শতাংশে নেমে এসেছে।
এছাড়া অল্প সময়ের হাঁটার দলটির রক্তে শর্করার হঠাৎ ওঠানামাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
ছোট ছোট বিরতিতে হাঁটা যে কারণে বেশি কার্যকর
প্রধান গবেষক ড. অড্রে বার্গুইগনান এই বিষয়ে স্বাস্থ্য-বিষয়ক ওয়েবসাইট ‘প্রিভেনশন’-এ প্রকাশিত প্রতিবেদনে ব্যাখ্যা করেন, “পেশিগুলো রক্ত থেকে গ্লুকোজ শোষণ করে শক্তি হিসেবে ব্যবহার করে। একবারে ৪৫ মিনিট ব্যায়াম করার পর বাকি সময়টুকু টানা বসে থাকলে পেশিগুলো দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় থাকে, ফলে খাবারের পর রক্তে শর্করা বেড়ে যাওয়ার প্রবণতা পুরোপুরি ঠেকানো যায় না।
তবে প্রতি ঘণ্টায় মাত্র ৫ মিনিট হাঁটলে শরীরের বড় পেশিগুলো বারবার সক্রিয় হয়ে ওঠে এবং রক্তপ্রবাহ থেকে গ্লুকোজ ও শর্করা শোষণ প্রক্রিয়া সারাদিন সচল রাখে।”
যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া’র কেক স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক ড. ব্রিটনি আর. বেলচার, যিনি এই গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, তিনি একই প্রতিবেদনে মন্তব্য করেন, “এই গবেষণাটি প্রমাণ করে যে রক্তে শর্করা নিয়ন্ত্রণে আপনি মোট কতটুকু ব্যায়াম করছেন, তার মতোই গুরুত্বপূর্ণ হল সারাদিনে আপনি কত ঘন ঘন নড়াচড়া করছেন।”
দৈনন্দিন জীবনে প্রয়োগের সহজ কৌশল
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে বা যারা অফিসে দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করেন, তাদের শুধু সকালের বা বিকেলের এক বেলার হাঁটার ওপর নির্ভর করা উচিত নয়।
প্রতি এক ঘণ্টা বসে থাকার পর চেয়ার ছেড়ে উঠে ৫ মিনিট অফিসের করিডোরে হাঁটা, ফোনে কথা বলার সময় হাঁটাহাঁটি করা বা প্রতিবেলা খাবারের পর অন্তত ৫ থেকে ১০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুললে রক্তে শর্করার মাত্রা নিরাপদ সীমায় রাখা অনেক সহজ হয়।
