২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা

প্রথমে পেনাল্টি মিস করলেও, পরে গতিময় সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলেন ইয়ামাল, সতীর্থের গোলেও রাখেন অবদান।

২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা

দলকে সমতায় ফিরিয়ে ফের্মিন লোপেসের উল্লাস (বাঁয়ে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 09:03 PM

Updated : 22 Nov 2026, 09:20 PM

দুই মিনিট আট সেকেন্ডের ব্যবধানে বার্সেলোনা গোল হজম করল দুটি। কিছুক্ষণ পর ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ পেলেও, পেনাল্টি মিস করে হতাশা বাড়ালেন লামিন ইয়ামাল। এতে অবশ্য তাদের মনোবলে কোনোরকম চোট লাগল না, বরং সময়ের সঙ্গে হয়ে উঠল আরও আগ্রাসী। অনেক সুযোগ নষ্টের পর, দ্বিতীয়ার্ধের তিন গোলে দারুণ জয় পেল হান্সি ফ্লিকের দল।

কাম্প নউয়ে রোববার লা লিগার রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারেয়ালকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

তাহন বুকানন ও টানি ওলুওয়াসেয়ির গোলে পিছিয়ে পড়ার পর, জেরার্দ মার্তিন ও ফের্মিন লোপেস গোল করে সমতা টানেন। এরপর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা, এবং সেটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

শেষের কয়েক মিনিট ১০ জন নিয়ে খেলে সফরকারীরা।

আক্রমণের বিচারে ম্যাচের সময়টা অনায়াসে যেন দুই ভাগে ভাগ করে ফেলা যায়; যেখানে ভিয়ারেয়ালের নিয়ন্ত্রণ থাকে ওই গোল দুটি হওয়া পর্যন্ত। গোলের জন্য চারটি শট নিয়ে ওই দুটিই কেবল লক্ষ্যে রাখতে পারে তারা। আর ৭০ শতাংশ সময় পজেশন রেখে বার্সেলোনার নেওয়া ৩০ শটের ৯টি ছিল লক্ষ্যে।

লিগ টেবিলের শীর্ষস্থান আবারও মজবুত হলো বার্সেলোনার। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের পয়েন্ট ৩৬। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুটা অবিশ্বাস্য রকমের বাজে হয় বার্সেলোনার, প্রথম সাত মিনিটের মধ্যে দুই গোল হজম করে চ্যাম্পিয়নরা।

প্রথম গোলের দায় লোপেসের, পঞ্চম মিনিটে তার অমার্জনীয় ভুলের খেসারত দিতে হয় স্বাগতিকদের। নিজেদের সীমানায় প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে কোনো কিছু না দেখেই ডান দিকে বল বাড়ান তিনি, আর বল ধরে একটু এগিয়েই জোরাল শট নেন বুকানন। বুলেট গতিতে বল খুঁজে নেয় ঠিকানা।

ওই ধাক্কা বার্সেলোনা সামলে উঠবে কী, পরক্ষণে আবার তাদের জালে বল লুটোপুটি খায়। গতিময় প্রতি-আক্রমণে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে, ওয়ান-অন-ওয়ানে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওলুওয়াসেয়ি।

এরপর যেন তেতে ওঠে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করতে থাকে, যদিও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা কেউ নিতে পারছিল না।

২০তম মিনিটে আবার ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া ইয়ামালকে আটকাতে ফাউল করেন ওলুওয়াসেয়ি। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি তরুণ তারকা।

স্পট কিক নেওয়ার জন্য বল জায়গায় রেখে প্রস্তুত হচ্ছিলেন ইয়ামাল, তখন বাতাসে বল নড়ে যায়, তাতে হয়তো এই ফরোয়ার্ডের মনোযোগেও বিঘ্ন ঘটে। পরে শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেননি তিনি, পোস্টে লেগে বল বাইরে যায়।

৩৬তম আবারও হতাশ করেন ইয়ামাল। সবার আগে ডি-বক্সে ঢুকলেও সিদ্ধান্ত নিতে মুহূর্ত দেরি করে ফেলেন তিনি, পরে নেওয়া শট প্রতিপক্ষের পায়ে লেগে বাইরে চলে যায়। দুই মিনিট পর হতাশা আরও বাড়ান হাফিনিয়া; ইয়ামালের দারুণ পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে শট নিতে পারেননি বার্সেলোনা অধিনায়ক।

বিরতির ঠিক আগে আবার ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ভীতি ছড়ালেন ইয়ামাল। তার শট আটকালেও দলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক, আলগা বল জালে পাঠানোর সুযোগ আসে লোপেস ও গার্সিয়ার সামনে, কিন্তু কেউই পারেননি তা কাজে লাগাতে।

বিরতির পরও একইরকম আক্রমণাত্মক শুরু করে বার্সেলোনা। ৫৩তম মিনিটে পরপর দুটি সুযোগ পায় তারা, কিন্তু স্কোরলাইনে বদল আসেনি। লোপেসের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে আটকান গোলরক্ষক, আর ওই কর্নারে মার্ক বের্নালের হেড লক্ষ্যে থাকেনি।

চার মিনিট পর আবার বার্সেলোনার আক্রমণ এবং পেতার গুলাসির আরেকটি দুর্দান্ত সেভ। এবার জুয়াও কান্সেলোর বুলেট গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রুখে দেন হাঙ্গেরির এই গোলরক্ষক।

এরপরই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় বার্সেলোনার। ছোট করে নেওয়া কর্নারের পর, পেদ্রির ক্রসে কোনাকুনি হেডে দলকে পথে ফেরান স্প্যানিশ ডিফেন্ডার মার্তিন। কাম্প নউয়ের গ্যালারিও যেন প্রাণ ফিরে পায়।

চার মিনিট পর সমতাসূচক গোলও পেয়ে যায় তারা। ডি-বক্সে ডান দিক থেকে প্রতিপক্ষের অনেক খেলোয়াড়ের মধ্যে দিয়ে অন্য পাশে বল বাড়ান ইয়ামাল, আর অরক্ষিত লোপেস জোরাল শটে গোলটি করেন।

পরপর দুই গোল খেয়ে দিশেহারা ভিয়ারেয়াল ৬৭তম মিনিটে নিজেদের ভুলে পিছিয়েও পড়ে। ডি-বক্সে ডান দিক থেকে লোপেসের অন্য পাশের উদ্দেশে বাড়ানো পাস আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠান ডিফেন্ডার পাও নাভারো।

৮৩তম মিনিটে ফল নিয়ে অনিশ্চয়তা শেষ করে দিতে পারতেন দানি ওলমো, তবে তার জোরাল শট দারুণ নৈপুণ্যে আটকে দলের আশা বাঁচিয়ে রাখেন গুলাসি।

যদিও গুলাসির সতীর্থরা উল্লেখযোগ্য কিছু করতে পারেনি পরেও। উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হাফিনিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো।

আসরে ষষ্ঠ হারের পর, ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ভিয়ারেয়াল।