লিবিয়ায় রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার শঙ্কা
ড্রোন হামলার জন্য ইউক্রেইনকে সন্দেহ করা হলেও বিষয়টি নিশ্চিত নয়। মস্কো এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে নোঙ্গর করা রাশিয়ার একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিবিসি লিখেছে, রোববার ভোরে রাশিয়া ফেরার পথে জ্বালানি ও রসদ নেওয়ার সময় জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ড্রোন হামলায় এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সরকারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।
ড্রোন হামলার জন্য ইউক্রেইনকে সন্দেহ করা হলেও বিষয়টি নিশ্চিত নয়। মস্কো এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ভোরে হামলার শিকার জাহাজটি আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে।
প্ল্যানেট ল্যাবস পিবিসির স্যাটেলাইট চিত্রেও দেখা গেছে, ভোর ৫টা ৪৭ মিনিটে বেনগাজি বন্দরে জাহাজটিতে আগুন জ্বলছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যান্টর উচ্চ রেজল্যুশনের কিছু ছবি সংগ্রহ করেছে। সংস্থাটির ভাষ্য, ছবিগুলোতে দেখা গেছে—রুশ নৌবাহিনীর করভেট যুদ্ধজাহাজ মেরকুরি শনিবার বন্দরে নোঙর করা ছিল।
রোববারের ছবিতে দেখা যায়, ওই জাহাজটির অধিকাংশ অংশ উল্টে ডুবে গেছে। কেবল জাহাজের সামনের দিকের কিছু অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল।
লিবিয়ার বেনগাজি থেকে মস্কোর দূরত্ব ২ হাজার কিলোমিটারেরও বেশি। এত দূরে এমন হামলার পেছনে কারা রয়েছে, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।
তবে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক থিঙ্কর্ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) লিবিয়া বিষয়ক বিশেষজ্ঞ জালেল হারচাউইয়ের মতে, এ বিষয়ে খুব বেশি সন্দেহের অবকাশ নেই।
“এ ধরনের অভিযান পরিচালনা করার মতো সাহসী পক্ষ ইউক্রেইন ছাড়া আর কেউ নয়। অর্থবাজি ধরতে হলেও আমি বলবো এটা ইউক্রেইনেরই কাজ।”
বিবিসি লিখেছে, হামলায় ইউক্রেইনের সংশ্লিষ্টতা নিশ্চিত হলে এটিই হবে এতো দূরে তাদের প্রথম হামলার ঘটন।
এদিকে রুশ জাহাজটির নাম বা পরিচয় উল্লেখ না করে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার হিসেবে প্রতিষ্ঠিত গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি (জিএনএস) বলেছে, রোববারের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সন্দেহভাজন হামলার উৎস এবং এর জন্য কারা দায়ী, তা নির্ধারণ করতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানায় জিএনএস।
লিবিয়ার কোনো বন্দরের ভেতরে অবস্থানরত জাহাজে হামলার নিন্দা জানিয়ে জিএনএস কর্তৃপক্ষ বলেছে, “এ ধরনের হামলা সামুদ্রিক নিরাপত্তার লঙ্ঘন এবং লিবিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত।”
জিএনএস কর্তৃপক্ষের ভাষ্য, লিবিয়া রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ কিংবা নিজেদের সীমান্তের বাইরের অন্য কোনো সংঘাতের পক্ষ নয়।
এদিকে লিবিয়ার ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্য সরকার (জিএনইউ) এক বিবৃতিতে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড গুরুতর উদ্বেগ তৈরি করছে।
জিএনইউর ভাষ্য, বিদেশি সংঘাতসংশ্লিষ্ট কর্মকাণ্ডে বন্দর ও বেসামরিক স্থাপনা জড়িয়ে ফেললে লিবিয়ার নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
২০১১ সালে লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর দেশটিতে সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় দুটি প্রতিদ্বন্দ্বী সরকারের নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে চলছে লিবিয়া।
