অলকা ইয়াগনিক ‘ফুরিয়ে যাননি’, ফিরছেন সুরের মঞ্চে
১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমার ‘এক দো তিন’ গানে প্লেব্যাক করে পরিচিতি পান অলকা।
বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে হঠাৎই শ্রবণ ক্ষমতা হারান ভারতীয় সংগীত শিল্পী অলকা ইয়াগনিক। দুবছর ধরে এই অসুস্থতায় ভুগছেন তিনি। বন্ধ হয়ে যায় তার গান।
অবশেষে কিছুটা সুস্থ হয়েছেন বলিউডের এই প্লেব্যাক শিল্পী। দীর্ঘদিন পরে ফের মঞ্চে দেখা যাবে অলকাকে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘কেয়া জামানা থা’-এ হাজির থাকবেন গায়িকা। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ের বসবে এই সুরের আসর। আর সেই অনুষ্ঠানে অলকাকে আমন্ত্রণ জানাতে নিজেই তার বাড়িতে গিয়েছিলেন সুভাষ।
পরিচালকের আমন্ত্রণে খুশি মনে সাড়া দিয়েছেন গায়িকা। সুভাষ ঘাই বলেছেন, অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতিও জানিয়েছেন অলকা।
সোশাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেছেন সুভাষ ঘাই।
তিনি লিখেছেন, “অলকা ইয়াগনিক আবার উজ্জ্বল হয়ে উঠছেন। তিনি ফুরিয়ে যাননি। তার কণ্ঠ, ঔজ্জ্বল্য এবং প্রাণশক্তি, সব কিছুতেই সেই পরিচিত জাদু রয়েছে এখনও। তার বাড়িতে গিয়ে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সময়ে বিষয়টি আরও গভীরভাবে অনুভব করেছি।”
অলকার প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন পরিচালক। তার কথায়, “আমন্ত্রণ পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। মুখে হাসি নিয়ে বললেন, ‘আমি আসব।’ তার এই উত্তর আমাদের সবার মন আনন্দে ভরে গেছে। এটাই অলকা যাজ্ঞিক। তিনি যেন সবসময় ভাললো থাকেন।”
সুভাষ ঘাই ও অলকা একসঙ্গে ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’, ‘ইয়াদেঁ’-সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।
ভারতের সিনেমার প্লেব্যাকে নিয়মিত মুখ ছিলেন অলকা। সিনেমাপ্রেমীদের তিনি উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় গান। সোনু নিগম, উদিত নারায়ণ ও কুমার সানুর সঙ্গে গাওয়া তার বহু ডুয়েট এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে।
২০২৪ সালে হঠাৎ করেই থমকে যায় তার কণ্ঠ। ইনস্টাগ্রামে এক পোস্টে অলকা জানিয়েছেন, বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন তিনি, যার ফলে হ্রাস পেয়েছে তার শ্রবণক্ষমতা।
অলকা সে সময় লিখেছিলেন, “কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে মনে হয়, আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারি, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি। এই সমস্যার কারণে আমার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এটা আমার কাছে বড় ধাক্কা। আমি সমস্যাটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন।’’
মাত্র ছয় বছর বয়সে কলকাতায় আকাশবাণী রেডিওতে গান করেন অলকা। এরপর মাত্র ১০ বছর বয়সে চলে যান মুম্বাইয়ে। ইচ্ছা ছিল গানের ক্যারিয়ার গড়ার। তবে তাকে পরামর্শ দেওয়া হয় যে কণ্ঠ আরও একটু পরিণত হলে চেষ্টা করতে।
১৯৮০ সালে ‘পায়েল কি ঝংকার’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন অলকা। তবে ব্যাপক পরিচিতি পান আরও পরে, ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমার ‘এক দো তিন’ গানে প্লেব্যাক করে। এরপর একে একে তিন দশকের বেশি সময় বহু শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অলকা।
২৫টি আলাদা আলাদা ভাষায় তার মোট গানের সংখ্যা ২১ হাজারের বেশি। বিবিসির করা সেরা ৪০টি হিন্দি গানের তালিকায় অলকা ইয়াগনিকের গানই আছে ২০টি। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইউটিউব মিউজিক চার্টস অ্যান্ড ইনসাইটস লিস্টের শীর্ষ গায়িকা হন অলকা।
