Published : 23 Mar 2026, 08:06 PM
বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে হঠাৎই শ্রবণ ক্ষমতা হারানো বলিউডের প্লেব্যাক শিল্পী অলকা ইগানিকের অসুস্থতার ছাপ পড়েছে তার সংগীতচর্চায়।
‘এক দো তিন’, ‘অ্যায় মেরে হাম সফর’, ‘বাজিগর’, ‘চুরাকে দিল মেরা‘, ‘দিলবার দিলবার’সহ জনপ্রিয় বহু প্লেব্যাকে কণ্ঠ দেওয়া অলকার গলায়ও সমস্যা হয়েছে। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের অনলাইনকে এ খবর দিয়েছেন অলকার সহশিল্পী উদিত নারায়ণ।
তিনি বলেন, “অলকাজির কানে কোনো সমস্যা হয়েছে, জানতে পেরেছি তা ছয় সাতমাস আগে। উনি পদ্মভূষণ পেয়েছেন। তাই শুভেচ্ছা জানাতে তাকে ফোন করি। তাকে পরিবারের একজন ফোন তুলেছিলেন। তখনই তার গলার সমস্যার খবরটা পেয়ে মন খারাপ হয়ে যায়। কানের সমস্যার জন্য গলাতেও প্রভাব পড়েছে।”

অলকা ও উদিত জুটির জনপ্রিয়তা কয়েক প্রজন্মের কাছে। উদিতের সঙ্গে অলকার অনেক দ্বৈত গান সাড়া তুলেছে গত কয়েক দশকে।
তাদের কাজের সুসম্পর্কের কথা স্মরণ করে উদিত বলেন, “অলকাজির সঙ্গে কিন্তু সবচেয়ে বেশি গান আমারই। কুমার শানু, অভিজিৎ (ভট্টাচার্য) এবং বাকি সবার চাইতে আমার সঙ্গেই বেশি গান উনি গেয়েছিলেন। মানুষ আমাদের ডুয়েটকে ‘জুটি’ হিসাবে দেখত। আমাদের রসায়ন নিয়ে কম হইচই হয়নি।”
কেবল সিনেমার কনসার্ট নয়, বহু অনুষ্ঠানেও তাদেরকে একসঙ্গে পেয়েছেন দর্শক। কাজ করেছেন গানের রিয়েলিটি শোতেও।
“মঞ্চের অনুষ্ঠানে তো আমাদের মধ্যে রঙ্গ-রসিকতা হতই। তার সঙ্গে বহু মজার ও খুনসুটির স্মৃতি রয়েছে। উনি কিন্তু কখনও রেগে যেতেন না। স্বতঃস্ফূর্ত ভাবে সবটা গ্রহণ করতেন। দর্শকও কিন্তু আমাদের এই রসায়ন পছন্দ করে। আমাদের বয়স হয়েছে ঠিকই। কিন্তু আজও গান গাইলে সেই রসায়নই ধরা পড়বে। আসলে গান গাওয়ার জন্য মনের ভিতরটা পরিষ্কার রাখা খুব জরুরি। সেটা থাকলে তার প্রভাব গানের মধ্যে দেখাই যাবে। তখন শ্রোতারা সেই গান পছন্দ করবেন।
অলকার অসুস্থতায় মন ভেঙে গেছে বলে জানিয়েছেন উদিত।
সহকর্মীর সুস্থতা কামনা করে বলেন, “তার কান ও গলার সমস্যার খবরটা শুনে মন খারাপ হয়ে যায়। এত গান গেয়েছি আমরা। তাকে আবার একটা ভালো গান গাইতে দেখতে চাই আমি।”
দুজনের গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের কোনটি জানতে চাইলে উদিত বলেন, “কয়ামত সে কয়ামত তক’-এর গানগুলোই মনে পড়ে। আজও সেই গান মানুষ শোনে। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর গানগুলোও আমার পছন্দের তালিকায় রয়েছে।
“আমি প্রার্থনা করি, ঈশ্বর যেন তার কণ্ঠ দ্রুত সারিয়ে দেন। আবার যেন আমরা একসঙ্গে গান গাইতে পারি।“
৬ বছর বয়েসে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন অলকা। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি। বহুবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার।
এই শিল্পীর গাওয়া ‘দিলবার দিলবার’, ‘লাল দোপাট্টা’, ‘দিল লাগা লিয়া’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘কাভি আলভিদা না কেহনা’ গানগুলিও জনপ্রিয়।
‘ভয়েস অফ ইন্ডিয়া’, ‘সা রে গা মা পা লিটল চ্যাম্প’ এর মত ভারতের জনপ্রিয় কিছু রিয়ালিটি শোর বিচারকের আসনেও দেখা গেছে অলকাকে।