১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬ বছর বয়সে আবার ফুটবলার হয়ে উঠলেন রোনালদিনিয়ো

সবুজ আঙিনায় বল পায়ে ছুটলেন ব্রাজিলিয়ান গ্রেট, সমর্থকদের আনন্দের খোরাক জোগালেন, নিজেও পেলেন জয়ের স্বাদ।

৪৬ বছর বয়সে আবার ফুটবলার হয়ে উঠলেন রোনালদিনিয়ো

অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনিয়ো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 03:18 AM

Updated : 16 Nov 2026, 03:18 AM

সবশেষ ম্যাচের ১১ বছর পর, ৪৬ বছর বয়সে আবার প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামলেন রোনালদিনিয়ো। সবুজ আঙিনায় বল পায়ে ছুটলেন ব্রাজিলিয়ান গ্রেট, সমর্থকদের আনন্দের খোরাক জোগালেন, নিজেও পেলেন জয়ের স্বাদ।

ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে রোববার মাঠে নামেন এই বিশ্বকাপজয়ী অ্যাটাকিং মিডফিল্ডার। খেলেন প্রথমার্ধের পুরোটা সময়। বিরতির সময় মাঠের চারপাশ হেঁটে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি, সমর্থকরাও দাঁড়িয়ে হাততালি দিয়ে কিংবদন্তিকে অভিবাদন জানায়।

ফোরলির বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জেতে রাভেন্না। ৩৬তম মিনিটে দোনাতির দলকে এগিয়ে নেওয়া গোলে ভূমিকাও রাখেন রোনালদিনিয়ো। পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সিমোনে রাব্বি।

স্বীকৃত পর্যায়ে এর আগে রোনালদিনিয়ো সবশেষ খেলেছিলেন ২০১৫ সালে, নিজ দেশের ক্লাব ফ্লুমিনেসির হয়ে। যদিও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন ২০১৮ সালের জানুয়ারিতে। সেই থেকে মাঠের বাইরেই জীবন কাটছিল তার। কিন্তু হঠাৎ করেই গত জুনে আবার তার সরাসরি ফুটবলে ফেরার উপলক্ষ তৈরি হয়।

ওই মাসে রোনালদিনিয়োর সঙ্গে চুক্তির খবর জানায় রাভেন্না। এই ক্লাবের কর্ণধার হোটেল ব্যবসায়ী ইগনাৎসিও চিপ্রিয়ানি তার বন্ধু। তবুও তখন সেটা হয়তো খুব কম মানুষই বিশ্বাস করেছিল। তবে গত ২০ অগাস্ট, রাভেন্না শহরে গিয়ে জমকালো আয়োজন রোনালদিনিয়ো ক্লাবটিতে নাম লেখালে সবার সব সংশয় দূর হয়।

তারপরও ধোঁয়াশা ছিল দলটিতে তার ভূমিকা নিয়ে। যদিও ফুটবলার হিসেবেই তিনি নিবন্ধন করেন। পেশাদার ফুটবলারের দলবদলের মতোই সেখানে গিয়ে প্রথাগত মেডিকেল পরীক্ষা করান। এরপর, সব সংশয়ের ইতি টেনে অক্টোবরের শেষ সপ্তাহে রাভেন্নার পক্ষ থেকে জানানো হয়, ফিরতে যাচ্ছেন রোনালদিনিয়ো।

অবশেষে সেই ক্ষণ চলেই এলো, সত্যিই মাঠে নামলেন তিনি। বয়সের ভারে গতি-দক্ষতা কমেছে ঢের, তবে নামটি যে তার রোনালদিনিয়ো, তাতেই সমর্থকদের মনে রোমাঞ্চের সঞ্চার হলো।

বল পায়ে আবার ছুটতে পেরে রোনালদিনিয়োও উচ্ছ্বসিত, ম্যাচের পর স্কাই স্পোর্ত ইতালিয়াকে সেই আনন্দের কথাই শোনালেন তিনি।

“এখানে থাকতে পারা, খেলতে পারা, ম্যাচের আগে ড্রেসিং রুমে প্রস্তুতি নেওয়া, সবকিছু দারুণ ব্যাপার।”

একসময় যারা তার খেলা দেখে বড় হয়েছে, সেইসব তরুণ সতীর্থদের সাথে খেলাটাও উপভোগ করেছেন বলে জানালেন রোনালদিনিয়ো।

২০০২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবল জাদুকর ক্যারিয়ারের সেরা কাটিয়েছেন বার্সেলোনায়। সেখানে থাকতেই তিনি ২০০৫ সালে জয় করেন ব্যালন দ’র, পরের বছর ক্লাবটির হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ।

এছাড়া পিএসজি ও এসি মিলানের মতো ক্লাবেও খেলেছেন রোনালদিনিয়ো। রাভেন্না তার ক্যারিয়ারের নবম ক্লাব।

সামনে কি আবার তাকে খেলতে দেখা যাবে, এমন প্রশ্নের উত্তরে সম্ভাবনার কথাই শোনালেন তিনি।

“প্রেসিডেন্ট যদি আমাকে ডাকেন, অবশ্যই আমি ফিরব।”