৫৯ বছর বয়সে মাঠে নেমে রেকর্ড বইয়ে ‘কিং কাজু’
সবচেয়ে বেশি বয়সে জাপানের জে-৩ লিগে খেলার কীর্তি এখন কাজুইয়োশি মিউরার।
বয়স যে কেবলই সংখ্যা, তা যেন বারবার প্রমাণ করে চলেছেন কাজুইয়োশি মিউরা। ৫৯ বছর বয়সে পেশাদার ফুটবলে মাঠে নেমে নতুন এক রেকর্ড গড়েছেন জাপানের এই গ্রেট ফুটবলার।
জাপানের তৃতীয় বিভাগের লিগে শনিবার ফুকুশিমা ইউনাইটেডের হয়ে মাঠে নামেন ‘কিং কাজু’ নামে পরিচিত এই ফুটবলার। সবচেয়ে বেশি বয়সে জে-৩ লিগে খেলার কীর্তি এখন তার।
এফসি রিউকিউয়ের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মিউরাকে নামান ফুকুশিমার কোচ। এদিন তার বয়স হয়েছে ৫৯ বছর ৮ মাস ১২ দিন।
পেশাদার ফুটবলে মিউরা ৪২তম মৌসুমে খেলছেন। জাপানের লিগে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন তিনি। ২০২১ সালের পর কোনো লিগ ম্যাচে এটাই ছিল তার প্রথম উপস্থিতি। সেবার মূল ক্লাব ইয়োকোহামা এফসির হয়ে জাপানের শীর্ষ লিগে একবার খেলেছিলেন এই স্ট্রাইকার।
গত মৌসুমে আয়োজিত বিশেষ টুর্নামেন্টে ছয়টি ম্যাচ খেলেন মিউরা। তবে সেগুলো আনুষ্ঠানিক লিগ ম্যাচ হিসেবে বিবেচিত হয়নি।
টানা পাঁচটি দশকে পেশাদার ফুটবল খেলেছেন মিউরা। গত জুলাইয়ে এম্পেরর’স কাপে গোল করে প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের প্রায় চার বছরের অপেক্ষার ইতি টানেন তিনি।
