০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কঠিন সপ্তাহের পর লিভারপুল কোচের স্বস্তি

টানা দুই ম্যাচে হেরে দলের আত্মবিশ্বাসে যে চোট লেগেছিল, তার ইঙ্গিত মিলল আন্দোনি ইরাওলার কথায়।

কঠিন সপ্তাহের পর লিভারপুল কোচের স্বস্তি

আন্দোনি ইরাওলা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 05:39 PM

Updated : 09 Nov 2026, 05:39 PM

নভেম্বরের শুরুটা ভীষণ বাজে হয় লিভারপুলের, পরপর দুটি ম্যাচে হেরে বসে তারা। সেই ধাক্কা সামলে কক্ষপথে ফিরতে একটা জয় খুব প্রয়োজন ছিল, আর কাজটা সাফল্যের সঙ্গে করতে পেরে স্বস্তি পাচ্ছেন দলটির কোচ আন্দোনি ইরাওলা।

গত সপ্তাহে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হারের পর, চ্যাম্পিয়ন্স লিগে ফেনেরবাচের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও ৩-২ গোলে হেরে যায় অ্যানফিল্ডের দলটি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রোববার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩-১ গোলে জেতে লিভারপুল।

আর্সেনাল ও ফেনেরবাচের বিপক্ষে হেরে দলের আত্মবিশ্বাসে যে কিছুটা চোট লেগেছিল, তার ইঙ্গিত মিলল সবশেষ ম্যাচের পর ইরাওলার সংবাদ সম্মেলনে।

“এই জয়টা দরকার ছিল আমাদের, বিশেষ করে তুরস্কে (ফেনেরবাচের বিপক্ষে) ওই হারের পর। এটা আরেকটি অ্যাওয়ে ম্যাচ ছিল এবং এমন মাঠে আমাদের জয়ের পথ খুঁজে পাওয়ার প্রয়োজন ছিল। এই তিন পয়েন্ট পেয়ে আমি খুশি।”

আগের দুই ম্যাচের হতাশা তো ছিলই, সেই সঙ্গে প্যালেসের মাঠে গত মৌসুমে তিক্ত অভিজ্ঞতাও লিভারপুলের জন্য ছিল বাড়তি শঙ্কার জায়গা। গতবার লিগে এই মাঠে ২-১ গোলে হেরেছিল লিভারপুল।

এবারও আক্রমণাত্মক ফুটবলে প্রায় পুরোটা সময়ই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানায় প্যালেস। ৪০তম মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার আগ পর্যন্ত সমানতালেই আক্রমণ করে গেছে তারা।

“প্রথমার্ধে ম্যাচের গতিপথ প্রায় উন্মুক্ত ছিল, দুই দলই সুযোগ পাচ্ছিল এবং আমাদের আলিসন দারুণ একটি সেভ করে, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল।

“প্রথম গোলটা গুরুত্বপূর্ণ ছিল, ১-০ গোলে এগিয়ে বিরতিতে যেতে। দ্বিতীয়ার্ধে আমরা ভালোভাবে সবকিছু সামলেছি, ভালোভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছি।”

১০ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল, শীর্ষস্থান থেকে ৯ পয়েন্ট পিছিয়ে তারা।