২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকায় আবার দলকে সিরিজ জেতাতে চান তাসকিন

প্রোটিয়াদের মাঠে ওয়ানডে ক্রিকেটের চার বছর আগের সুখস্মৃতি ফিরিয়ে আনতে প্রথম ম্যাচের ওপর জোর দিচ্ছেন তাসকিন আহমেদ।

দ. আফ্রিকায় আবার দলকে সিরিজ জেতাতে চান তাসকিন

তাসকিন আহমেদ। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 08:10 PM

Updated : 29 Nov 2026, 08:10 PM

টেস্ট সিরিজের হতাশা ভুলে তাসকিন আহমেদের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এবার সাদা বলের লড়াইয়ে। সেই অভিযানে তার জন্য বড় প্রেরণা ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় খেলা সবশেষ ওয়ানডে সিরিজ। চার বছর পর আবার আরেকটি সিরিজের আগে দলের জন্য অবদান রাখার আশা অভিজ্ঞ পেসারের৷

কুগুম্পো সিটিতে মঙ্গলবার শুরু হবে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চার বছর আগে সবশেষ সফরে এই সংস্করণে দারুণ সাফল্য পায় বাংলাদেশ। তাসকিনের দারুণ পারফরম্যান্সে সেবার ২-১ ব্যবধানে সিরিজ জেতে তারা।

দেশের বাইরে দ্বিপাক্ষিক লড়াইয়ে সেটিই বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য। যদিও মাঝে পেরিয়ে গেছে চার বছর। তবু ওই অর্জন থেকে প্রেরণা নিতেই পারে বাংলাদেশ।

প্রথম ম্যাচের ভেন্যুতে রোববার অনুশীলের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই সিরিজের পুনরাবৃত্তি করতে ভালো শুরুর ওপর জোর দেন তাসকিন।

“এটা (২০২২ সালের পুনরাবৃত্তি) আসলে নির্ভর করছে প্রথম ম্যাচ কীভাবে শুরু হয়। প্রত্যেকটা সিরিজের প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যদি জয় দিয়ে শুরু হয়... যেহেতু দলীয় খেলা, ব্যক্তিগত পারফরম্যান্স তো আছেই, তবু দল ফল না পেলে আসলে কোনো লাভ হয় না। লক্ষ্য থাকবে একটাই, কীভাবে দল জিততে পারে।”

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। সব ঠিক থাকলে কুগুম্পো সিটিতে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

তাই বিশ্বকাপে অনুপ্রেরণা পাওয়ার লক্ষ্যে এবারের শুরুটা ভালো করার তাগিদ তাসকিনের।

“এই মাঠে হবে? তাহলে তো ভালো। অবশ্যই যদি আমরা ভালো জয় দিয়ে শুরু করে যেতে পারি, আমরা একটু হলেও অনুপ্রাণিত থাকব ওই ম্যাচের জন্য।”

২০২২ সালের সিরিজে সেঞ্চুরিয়নে হওয়া দুই ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। একটিতে ৪১ রানে ৩ উইকেট এবং অন‍্যটিতে ৩৫ রানে ৫ উইকেট নেন তাসকিন। তার হাতেই ওঠে সিরিজ সেরার পুরস্কার।

চার বছর পর এবার আরেকটি সিরিজে দল জেতাতে অবদান রাখতে চান অভিজ্ঞ পেসার।

“জেতার ক্ষেত্রে যদি আমার অবদান কাজে লাগে, যদি আমি জয়ের পেছনে কাজটা করে দিতে পারি... এটাই মূল লক্ষ্য থাকবে। গতবারের স্মৃতিটা দারুণ। তবে স্মৃতি তো আসলে স্মৃতিই রয়ে যায়। বর্তমানেরটা আসলে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে।”

“সব সংস্করণেই খেলতে নেমে নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চাই। যেহেতু সাদা বলটা আসলে বেশি... লক্ষ্য থাকবে একটাই যে, কীভাবে জয় পাওয়া যায় এবং জয়ের পেছনে যাতে আমার অবদানটা থাকে।”

টেস্ট সিরিজটা তেমন ভালো যায়নি তাসকিনের। দুই ম্যাচে নিতে পেরেছেন মোটে ৩ উইকেট। সার্বিক বোলিংয়ে ব্যাটসম্যানদের ওপর তেমন চাপ সৃষ্টি করতে পারেননি। এর সঙ্গে যোগ হয় ‘নো’ বল করার প্রবণতা।

Image

ওয়ানডেতে লড়াইয়ের জন‍্য প্রস্তুত বাংলাদেশ। ছবি: বিসিবি

সেসব পেছনে ফেলে ওয়ানডেতে ভালো করতে উন্মুখ ৩১ বছর বয়সী পেসার।

“সব সংস্করণেই খেলতে নেমে নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চাই। যেহেতু সাদা বলটা আসলে বেশি... লক্ষ্য থাকবে একটাই যে, কীভাবে জয় পাওয়া যায় এবং জয়ের পেছনে যাতে আমার অবদানটা থাকে।”

দল হিসেবে ২০২২ সালের সেই সাফল্য ফেরাতে বাংলাদেশকে লিখতে হবে ঘুরে দাঁড়ানোর গল্প। কারণ এবারের দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা হয়েছে হতাশাময়। দুই টেস্টের একটিতেও লড়াই জমাতে পারেনি তারা।

তবে তাসকিন জানালেন, ওই পরাজয়ের গ্লানি ভুলে এবার রঙিন পোশাকের জন্য তৈরি ক্রিকেটাররা

“কয়েকজন একদম সতেজ অবস্থায় আছে, যেহেতু সাদা বলের জন্য এসেছে। দেশে প্রিপারেশন নিয়ে এসেছে। যদিও দেশ আর এখানে একটু ভিন্ন কন্ডিশন। সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে।

“আসলে বাড়তি চাপ নিলে মাঠে প্রয়োগ ভালো হবে, এমন কিছু তো না। যেভাবেই হোক মাঠে গেম প্ল্যান, অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায়, এটাই সবার চেষ্টা। ওইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি।”

গতবারের সফরে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে ওয়ানডে ম্যাচ তিনটি খেলেছিল বাংলাদেশ। এবার ওই দুই মাঠে হয়েছে টেস্ট সিরিজের খেলা। ওয়ানডের লড়াই এবার হবে কুগুম্পো সিটি, গেবেখা ও কেপ টাউনে।

সাবেক ইস্ট লন্ডন ও বর্তমান কুগুম্পো সিটিতে প্রথম দিনের অনুশীলনের এক পর্যায়ে তাসকিন বলেন, ‘এই উইকেটে আমিও মুস্তাফিজ।’ পরে সংবাদমাধ্যমে উইকেটের আচরণ আন্দাজ করে ওই কথার পেছনের গল্প জানান তিনি।

“আজকে যেখানে নেট করেছি, বল গ্রিপ করছিল বেশি। সবার কাটার অনেক ধরছিল। তাই মজা করে বলেছিলাম। মাঠে হয়তো এমন না-ও হতে পারে। মাঠে যদি মন্থর উইকেট হয়, তাহলে সেভাবেই বোলিং করতে হবে। পিচের চাহিদা অনুযায়ীই করতে হবে।

“আমরা সব সময় শুনে থাকি যে, দক্ষিণ আফ্রিকা মানেই সিম বা মুভমেন্টওয়ালা উইকেট হবে। তবে বাট এখন একটু গরম আসতেছে, এজন্য হয়তো একটু ফ্ল্যাট হচ্ছে বা কিছু উইকেটে হয়তো কাটার ধরছে। আসলে পরশুদিন মাঠে নামার পর বোঝা যাবে উইকেটের ব্যবহার কেমন।”

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মাথাব্যথার বড় কারণ ব্যাটিংয়ে বিপর্যয়। সবশেষ পাচঁ ওয়ানডের চারটিতেই পুরো ওভার খেলতে পারেনি তারা। ওই চার ম্যাচে জিততেও পারেনি দল।

এবার নতুন সিরিজ শুরুর আগে ব্যাটসম্যানদের হয়ে আশার কথা শোনালেন তাসকিন।

“অবশ্যই (পুরো ওভার খেলার লক্ষ্যে) কাজ হচ্ছে। গত বেশ কিছু ম্যাচেই আমরা চাপের মুখে ভেঙে পড়েছি, কিছু কিছু ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আশা করছি এগুলোর প্রতিফলন খুব দ্রুতই মাঠেও আসবে।”

এছাড়া সার্বিকভাবে ফিল্ডিংয়ে ধুকছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংসে অন্তত পাঁচটি ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। সংবাদমাধ্যমে দলের প্রতিনিধিরা বারবারই দেন ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ। তাসকিনও ব্যতিক্রম নন।

“ক্যাচ মিস আসলেই সুখকর নয়। সেটা আমার বলে হোক বা যার বলেই হোক। আশা করছি এই ভুলগুলো হবে না। কারণ যেহেতু সাদা বলে সংক্ষিপ্ত সংস্করণ, এই ভুল হলে অনেক মাশুল দিতে হতে পারে। আশা করছি সবকিছু ভালো দিয়েই শুরু হবে।”