২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে রাজু-মুকেশ, লক্ষ্য ন্যায্য মজুরির

শনিবার দেশের ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 08:06 PM

Updated : 29 Nov 2026, 08:06 PM

প্রায় আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।

শনিবার দেশের ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণের পর রোববার ভোরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে ফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীকে রাজু গোয়ালা পেয়েছেন ৬১ হাজার ৮০৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দী হরিণ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট।

নির্বাচনে রাজু গোয়ালার প্যানেল থেকে কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন- মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিং রাউতিয়া এবং নারী সহসভাপতি শিমুল কর্মকার। মুকেশ কর্মকারের প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সনজয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামণি তাঁতী এবং অর্থ সম্পাদক হয়েছেন সনত গোয়ালা।

নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক মণ্ডলীর আটজনের পাশাপাশি সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য রয়েছেন। সব মিলিয়ে ৩০ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।

সাত ভ্যালিতেও নতুন নেতৃত্ব

চা শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালির সভাপতি ও সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছেন।

জুড়ী ভ্যালিতে সভাপতি হয়েছেন সজল বাউরী এবং সাধারণ সম্পাদক সকুল গোয়ালা। বালিশিরা ভ্যালিতে সভাপতি মহেশ্বর দাস ও সম্পাদক নরত্তম তাঁতী। মনু-ধলাই ভ্যালিতে সভাপতি সীতারাম বীন এবং সম্পাদক দুলাল ছত্রী।

লংলা ভ্যালিতে দীপংকর ঘোষ সভাপতি এবং বিশ্বজিৎ দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম ভ্যালিতে প্রদীপ দাশ সভাপতি, নারী সহসভাপতি যমুনা রানী এবং সাধারণ সম্পাদক সবুজ দাস নির্বাচিত হয়েছেন।

লস্করপুর ভ্যালিতে সভাপতি হয়েছেন আশীষ তন্তুবায়। এ ভ্যালিতে নারী সহসভাপতি শাহী নানী গোয়ালা ও সাধারণ সম্পাদক হিসেবে মো. নূর হোসেন নির্বাচিত হয়েছেন।

সিলেট ভ্যালিতে সভাপতি হয়েছেন মাহাত্ম্য কুর্মি। তবে সহসভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জানা যায়নি।

প্রতি তিন বছর পর নির্বাচন ও ন্যায্য মজুরির লক্ষ্য নেতাদের

সভাপতি পদে বিজয়ের পর রাজু গোয়ালা সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর চা শ্রমিকদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। চা শ্রমিকদের অধিকার, ন্যায্য দাবি ও কল্যাণে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি বলেন, চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি সরকারের কাছে তুলে ধরা হবে। একইসঙ্গে চা-শিল্পের উন্নয়ন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তারা।

নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পরপর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন হবে বলে প্রত্যাশা রাজু গোয়ালার।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুকেশ কর্মকার বলেন, চা শ্রমিকেরা তাদের ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রাখার চেষ্টা করবেন।

শ্রমিকদের মজুরি, আবাসন, শিক্ষা, চিকিৎসা, রেশনসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

“আমরা নির্বাচিত হয়েছি শ্রমিকদের ভোটে। তাই তাদের প্রত্যাশা পূরণ করাই হবে আমাদের প্রধান দায়িত্ব”, বলেন তিনি।

শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের সদস্য ও কল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মহাব্বত হোসেন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছি। নিরপেক্ষ ভোটের মাধ্যমে চা শ্রমিক ইউনিয়নের এই কমিটি নির্বাচিত হয়েছে।”

তিনি বলেন, ভোটগ্রহণ থেকে ফল ঘোষণা পর্যন্ত নির্বাচন কমিশনের সদস্য ও মাঠপর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন। কোথাও কোনো বড় ধরনের সমস্যা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, সারা দেশ থেকে ফল আসতে ভোর ৫টা পর্যন্ত সময় লেগে যায়। দু-একটি জায়গায় ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

শ্রমিকদের পাশে থাকবে সরকার: শ্রমমন্ত্রী

রোববার সকালে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় নিজ বাসভবনে নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সরকার সব সময় চা শ্রমিকদের পাশে থাকবে। শ্রমিকদের সংগঠিত করে চা-শিল্পকে আরও সমৃদ্ধ ও অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, চা-বাগানে সঠিক নেতৃত্ব থাকলে সমস্যা বা সংকট অনেকটাই কমে যাবে। নবনির্বাচিত নেতৃত্ব সরকারের কর্মসূচি বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। চা শ্রমিকদের যেকোনো সমস্যা ও সংকটে সরকার পাশে থাকবে।

“প্রধানমন্ত্রী চা শ্রমিকদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। শ্রমিকদের কল্যাণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে,” বলেন আরিফুল।