ক্লাসিকোর আগে এস্পার্তকে নিয়ে দুর্ভাবনায় বার্সেলোনা
তবে আশা করা হচ্ছে, রেয়াল মাদ্রিদ ম্যাচে খেলতে পারবেন তরুণ এই ডিফেন্ডার।
দুর্দান্ত ছন্দে থাকা শাভি এস্পার্তকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। রেয়াল মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে তরুণ ডিফেন্ডারকে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা।
চলতি মৌসুমে দারুণ পারফরম্যান্স করছেন ১৯ বছর বয়সি এস্পার্ত। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও কার্যকর ভূমিকা রাখছেন এই রাইট-ব্যাক।
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার পিএসজির বিপক্ষে যখন ১-০ গোলে পিছিয়ে বার্সেলোনা, তখন চমৎকার এক গোলে দলকে সমতায় ফেরান এস্পার্ত। ওই ম্যাচেই অ্যাঙ্কেলে চোট নিয়ে ৭৪তম মিনিটে মাঠে ছাড়েন তিনি।
ম্যাচটি ৪-২ গোলে হেরে যায় বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ জয়ের পর যেটা তাদের প্রথম পরাজয়।
আগামী রোববার লা লিগার ম্যাচে রেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। মৌসুমের প্রথম ক্লাসিকোয় এস্পার্তের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তবে আশা করা হচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই ফুটবলারকে পাবেন বার্সেলোনা।
এমনিতেই রক্ষণভাগের গুরুত্বপূর্ণ কয়েকজনকে পাচ্ছে না বার্সেলোনা। চোটের কারণে এরিক গার্সিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন আছেন মাঠের বাইরে। জুল কুন্দেরও রেয়ালের বিপক্ষে ফেরার সম্ভাবনা ক্ষীণ।
পিএসজির বিপক্ষে খেললেও, এখনও পুরোপুরি ফিট নন জেরার্দ মার্তিন।
লা লিগায় নয় ম্যাচে শতভাগ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ছয় পয়েন্ট কম নিয়ে তিনে রেয়াল।
