প্লেব্যাক ছাড়ার পর প্রথমবার কনসার্টে অরিজিৎ, ঘুরবেন ৯ শহরে
সুরের এই সফর আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত।
সিনেমায় গান ছাড়ার ঘোষণার পর ভারতীয় গায়ক অরিজিৎ সিং প্রথমবার কনসার্টে আসছেন।
ভারতের একাধিক শহরে কনসার্ট করবেন অরিজিৎ, তাই গায়কের টিমের তরফ থেকে এ সফরকে বলা হচ্ছে ‘ইন্ডিয়া ট্যুর’।
আনন্দবাজার জানিয়েছে, সংগীত জীবনের ২০ বছর উদযাপন করতেই এই উদ্যোগ। ‘ইন্ডিয়া ট্যুর’ শুরু হচ্ছে আসছে বছরের শুরুতে। সুরের এই সফর আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত।
দেশের ৯টি শহরে অনুষ্ঠান করবেন অরিজিৎ। ৯ জানুয়ারি অহমদাবাদে, ২৩ জানুয়ারি চণ্ডীগড়ে, ৭ ফেব্রুয়ারি জয়পুরে, ২০ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠান করবেন অরিজিৎ।
মে মাস পর্যন্ত অরিজিতের ‘ইন্ডিয়া ট্যুর’ চলবে। বেঙ্গালুরুতে ১৩ মার্চ অনুষ্ঠান করবেন অরিজিৎ, দিল্লিতে ২৭ মার্চ, পুণেতে ১০ এপ্রিল, ইন্দৌরে ১ মে এবং ১৫ মে হায়দরাবাদে অনুষ্ঠান রয়েছে অরিজিতের। তবে এই তালিকায় কলকাতা না থাকায় প্রশ্ন তুলেছেন অরিজিৎ ভক্তরা।
তবে অনুরাগীদের একাংশের দাবি, কলকাতাকে যেন তালিকায় যুক্ত করা হয়।
ইনস্ট্রাগ্রামে একটি পোস্টে ‘ইন্ডিয়া ট্যুর’-এর দিনক্ষণ জানিয়ে দিয়েছেন অরিজিৎ। অনুষ্ঠানের টিকেট কবে কীভাবে কাটা যাবে, তাও ওই পোস্টে জানানো হয়েছে।
অরিজিতের কনসার্ট মানেই চড়া মূল্যের টিকেট এবং ভক্তদের মধ্যে উন্মাদনা। কনসার্টে এই গায়ককে অনেকটা আপন করে পান তার শ্রোতারা। অরিজিৎ গিটার বাজিয়ে গাইতে গাইতে শ্রোতা অনুরোধে বাংলা, হিন্দি ভাষার বহু গান গেয়ে থাকেন। তাদের সঙ্গে মনের ভাব বিনিময় করেন।
অরিজিৎকে নিয়ে বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের মন্তব্য ছিল ‘ওর গলার ভগবান আছে’; নব্বই দশকের শাহরুখ খান থেকে শুরু করে এ সময়ের অনেক নায়কের শর্ত থাকে তাদের সিনেমায় যেন প্লেব্যাক করেন অরিজিৎ। সংগীত পরিচালকরা মনে করেন, অরিজিৎ গাইলে সিনেমার অর্ধেক সাফল্য তাতেই।
এমন একজন মাপের গায়ক যখন প্লেব্যাক ছাড়ার ঘোষণা দেন, স্বাভাবিকভাবেই তখন এটি ধাক্কা দেওয়ার মতই ঘটনা। এই ঘটনাটি অরিজিৎ ঘটিয়েছেন বছরের শুরুতে।
সাফল্য, পারিশ্রমিক ও খ্যাতিতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া অরিজিতের সিনেমার গান ছেড়ে দেওয়ার ঘোষণায় মুষড়ে পড়েন তার ভক্ত অনুরাগী থেকে শুরু করে বলিউড এবং কলকাতার অনেক শিল্পী।
চলতি বছরের প্রথম দিকে এক ফেইসবুক পোস্টে সিনেমার গান থেকে বিদায়ের ঘোষণা দিয়ে অরিজিৎ লিখেছিলেন, “শ্রোতা হিসেবে এত বছর আমাকে ভালোবাসায় তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ হাতে নেব না।
“এটা এখানেই শেষ করছি; দারুণ এক যাত্রা ছিল।”
অরিজিৎ আরও জানিয়েছিলেন, প্লেব্যাকের কাজটি তার ‘একঘেয়ে লাগছে’।
তবে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা কি সত্যিই স্থায়ী সিদ্ধান্ত, নাকি নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা—তা এখন পর্যন্ত স্পষ্ট করেননি গায়ক।
তবে ওই ঘোষণার পরপর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পণ্ডিত রবিশঙ্করের মেয়ে সেতারবাদক আনুশকা শঙ্কর এবং তবলা বাদক বিক্রম ঘোষের সঙ্গে দর্শকদের সুরে মাতিয়েছিলেন অরিজিৎ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিতের সংগীতযাত্রা। আজ এই গায়কের অনুরাগী ছড়িয়ে আছে সারা বিশ্বে।
মাত্র ৩৮ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী তিনি। কিছুদিন হল সিনেমা পরিচালনা শুরু করেছেন।
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ প্রতিযোগিতার মধ্য দিয়ে অরিজিৎ প্রথমবার কোনো রিয়েলিটি শোয়ে আসেন। তবে মঞ্চে তার পদচারণা ছোটবেলা থেকে। সেবার ষষ্ঠ হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। কিন্তু থেমে থাকেননি। আরেকটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজরে আসেন অরিজিৎ।
সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার জন্য ২০০৭ সালে ‘ইউ শবনামি’ গানটি রেকর্ড করলেও সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি।
২০১১ সালে ‘মার্ডার ২’–এর ‘ফির মহব্বত’ গান দিয়ে সিনেমায় প্লেব্যাক শুরু করেন অরিজিৎ। এর এক বছর পর ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’ সিনেমায় ‘রাবতা’ শিরোনামের গানটি করেন।
সাফল্যের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। এক বছর পরই ২০১৩ সালে ‘আশিকি ২’ সিনেমায় ‘তুম হি হো’ গানে কণ্ঠ দিয়ে তুমুল জনপ্রিয়তা পান।
রোমান্টিক গানে তার কণ্ঠ ফিরেছে তরুণদের মুখে মুখে। গত দশকের হিন্দি সিনেমাগুলোতে তার কণ্ঠ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘চান্না মেরেয়া’, ‘আগার তুম সাথ হো’, ‘গেরুয়া’, ‘জালিমা, ‘কেসারিয়া’ ও ‘ফির লে আয়া দিল’ এর মত অনেক হিট হয়েছে।
ব্যক্তিগত জীবনে খুব সাধারণ চলাফেরা তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছড়ানো ভিডিওতে তার সেই জীবনযাপনের চিত্র সবাইকে মুগ্ধ করেছে। সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন অনন্য।
স্ত্রী কোয়েল রায় ও সন্তানদের নিয়ে কলকাতা থেকে ২২৬ কিলোমিটার দূরে জিয়াগঞ্জে থাকেন ৩৮ বছর বয়সি এ শিল্পী। স্ত্রী-সন্তানদের রেখেছেন গানের ‘স্পটলাইটের’ বাইরে। নিজের এলাকায় অরিজিৎ ঘুরে বেড়ান শখের স্কুটি নিয়ে।
২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে স্পটিফাইয়ে ভারতের সব শিল্পীকে ছাড়িয়ে যান তিনি। সেই সময়ে ভারতের যেকোনো শিল্পীর চেয়ে তার গানই সবচেয়ে বেশি শুনেছেন ভক্তরা।
২০২৩ সালের অগাস্ট থেকে অন্তত দুইবার প্ল্যাটফর্মটিতে এক নম্বর র্যাংকিংয়ে থাকা টেইলর সুইফটকেও তিনি ছাড়িয়ে যান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি।
আর কনসার্টের জন্য ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন হিসেবেও পরিচিত তিনি।
আরও পড়ুন:
সিনেমায় আর গাইবেন না অরিজিৎ সিং
অরিজিৎ কি নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা করবেন?
