Published : 03 Feb 2026, 07:42 PM
ভারতীয় গায়ক অরিজিৎ সিংও প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিলেন, আর তার বাড়িতে অতিথি হয়ে হাজির হলেন অভিনেতা আমির খান। ঘটনাটি নিছকই সাধারণ কিছু, নাকি অরিজিৎকে সিনেমার গানে ফেরানোর একটি উদ্যোগ-তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে আমিরের আতিথ্য গ্রহণের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এনডিটিভি লিখেছে, অরিজিৎ পান খেতে ভালোবাসেন বলে, তার বাড়িতে ভেজা লাল কাপড়ে মোড়া একগুচ্ছ পান নিয়ে যান আমির। এছাড়া অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতেও দেখা গেছে। সে সময় আমিরকে একঝলক দেখার জন্য অরিজিতের প্রতিবেশিরা তাদের বাড়িতে ভিড় করেন। ছাদ থেকে হাত নাড়িয়ে সৌজন্য বিনিময় সেরেছেন আমির।
আমিরকে অরিজিতের বাড়িতে আপ্যায়ন করা হয় আমিষ ও নিরামিষ খাবারে নানা পদ দিয়ে।
অরিজিতের চাচাতো ভাই সুরিন্দর সি বলেন, “সাদা ভাত, বাটার নান, চিকেন, মাটনে, মিক্সড ভেজ ও পনির বাটার মশালা পাঠিয়ে ছিলাম ওর বাড়িতে।”

তবে কেবল বাড়িতে নয়, অরিজিতের রেকর্ডিং স্টুডিওতেও গিয়েছিলেন আমির।
অরিজিতের বাড়িতে আমিরের বেড়াতে যাওয়ার ঘটনা প্রশ্ন তৈরি হয়েছে যে তাহলে কি অরিজিৎকে রেকর্ডিং স্টুডিওতে ফেরানোর উদ্যোগ নিয়েছেন আমির, নাকি দুই তারকা একসঙ্গে নতুন কিছু তৈরি করতে চলেছেন। তবে কারণ এখন পর্যন্ত অজানা।
আমির খান অভিনীত একাধিক সিনেমায় কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ সিনেমায় ‘নাইনা’ গানটি গেয়েছিলেন অরিজিৎ। সেখান থেকেই অভিনেতা-গায়কের ভালো সম্পর্ক তৈরি হয়।
২০২২ সালে মুক্তি পাওয়া আমিরের ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হলেও ওই সিনেমায় অরিজিতের গাওয়া ‘তেরে হাওয়ালে’ ও ‘ফির না আইসি রাত আয়েগি’ দুটি গান প্রশংসিত হয়েছে।

অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আসে আচমকা গত ২৭ জানুয়ারি। গায়কের ভক্ত অনুরাগী থেকে শুরু করে বলিউড এবং কলকাতার অনেক শিল্পী অরিজিতের সিদ্ধান্তে হতবিহ্ববল হয়ে পড়েন।
কেউ কেউ অরিজিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগীতের দুনিয়ায় গায়ককে নতুন কোনো সৃষ্টি নিয়ে হাজির হওয়ার অনুরোধ রেখেছেন। পরে সোশাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অরিজিৎ। সেখানে কারো প্রতি দোষারোপ না করে কাজের প্রতি একঘেয়েমি ও নিজের প্রতি বিরক্তি-এই দুই কারণ সামনে আনেন তিনি।
তিনি লিখেছেন, “আমার সিদ্ধান্তের পেছনে একটিমাত্র কারণ নেই, একাধিক কারণ রয়েছে। অনেক দিন ধরেই আমি এই কাজটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসটা পেলাম।
“কারণগুলোর একটি খুবই সহজ, আমি খুব দ্রুত বিরক্ত হয়ে যাই। তাই একই গান মঞ্চে পরিবেশনের সময় বারবার অ্যারেঞ্জমেন্ট বদলাই। সোজা কথায়, আমি বিরক্ত হয়ে গেছি।”

গায়কের ঘনিষ্ঠজনদের বরাতে বিবিসি নিউজ হিন্দি বলছে, নির্মাণে পুরোপুরি মনোযোগী হতে চান অরিজিৎ। আগামীতে একজন চলচ্চিত্র নির্মাতা হতে চান তিনি। এবং সেটি কেবল ভাবনার মধ্যে নেই। ইতিমধ্যে একটি হিন্দি সিনেমার কাজ শুরু করেছেন।
ওই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল সিং যৌথভাবে। সিনেমায় তারা মূল চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। শান্তিনিকেতনে সিনেমার দৃশ্য ধারণের কাজ চলছে।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিতের সংগীতযাত্রা। এই গায়কের অনুরাগী ছড়িয়ে আছে সারা বিশ্বে।
আরও পড়ুন:
সিনেমায় আর গাইবেন না অরিজিৎ সিং