২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিমি চক্রবর্তীর বিয়ে: অনুষ্ঠান কবে, কোথায়

রোমান্টিক চরিত্রের পাশাপাশি থ্রিলার, সামাজিক গল্প ও ভিন্নধর্মী চরিত্রেও যায় মিমিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 12:40 PM

Updated : 21 Nov 2026, 12:40 PM

ভারতের পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তীর বিয়ের সানাই বাজতে চলেছে চলতি মাসেই। বাগ্দান সেরে দুই পরিবারের সদস্য ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া আয়োজনে কলকাতাতেই হবে বিয়ে।

বিয়ের পর আনুষ্ঠানিকতা বা রিসেপশন হবে মহা আয়োজনে, কলকাতা শহর থেকে দূরে কালিম্পংয়ে পাহাড়ের কোলে। সেখানে বিয়ের বাদ্যি আর আলোর রোশনাই ছুটবে টানা তিনদিন ধরে।

এসব খবর দিয়েছেন মিমির মামা রাম চক্রবর্তী; সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’কে তিনি বলেন, “কলকাতাতেই বিয়ে। তবে তিন দিন ধরে অনুষ্ঠান হবে পাহাড়ে। আয়োজনে আত্মীয়ের সংখ্যা পঞ্চাশের বেশি হবে না। দুই জায়গায় আয়োজন, তাই পরিবারও বিভক্ত দুই ভাগে। একাংশ যাবেন কলকাতায় আর একাংশ কালিম্পংয়ে।”

কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা হবে ২৫ ও ২৬ নভেম্বর। এর আগে সেখানেই বাগ্দান ও অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কথা।

আর ৩ ডিসেম্বর থেকে অনুষ্ঠান শুরু হবে কালিম্পংয়ে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। সিনেমা জগত থেকে মিমি ঘনিষ্ঠরা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে কারা কারা থাকবেন, নিমন্ত্রিতের সে তালিকা অবশ্য ফাঁস করতে নারাজ রাম চক্রবর্তী। এমনকি ভাগ্নি জামাইকে নিয়েও কোনো কথা বলেননি।

প্রেম, বিয়ে কিংবা জীবনসঙ্গী-এসব প্রশ্নে মুখ খোলেননি মিমি নিজেও।

তবে সোশাল মিডিয়া এবং ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত।

মিমির বিয়ের কার্ড সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা। ওই আমন্ত্রণপত্রের নকশায় বর-কনের প্রতীকী ছবি। আর তাদের সঙ্গে রয়েছে মিমির তিন পোষ্যও।

মিমির প্রেমজীবন নিয়ে অবশ্য এর আগে কম আলোচনা হয়নি। সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেলেও মিমি নিজে সেগুলোকে কখনো বিশেষ গুরুত্ব দেননি।

কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে মিমি জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে তো পাত্র খুঁজতে হবে, তার জন্য দেখাসাক্ষাৎও করতে হবে—সেটুকু করার সময়ও নাকি তার হাতে নেই।

২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রটি করার পর মিমি রাতারাতি জনপ্রিয়তা পান।

পরে ২০১২ ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’, এই সিনেমাটি মিমির জনপ্রিয়তা বাড়িয়ে দেন। তারপর থেকে একের পর একে বাণিজ্যিক ধারার সিনেমা করে যাচ্ছেন মিমি।

‘প্রলয়’, ‘যোদ্ধা’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ভিলেন’, ‘ড্রাকুলা স্যার’, ‘মিনি’, ‘রক্তবীজ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন মিমি। রোমান্টিক চরিত্রের পাশাপাশি থ্রিলার, সামাজিক গল্প ও ভিন্নধর্মী চরিত্রেও দেখা গেছে তাকে।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয় করেন মিমি। এই সিনেমার ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গান দুটি দুই বাংলাতেই আলোচিত।

এবারের দুর্গাপূজায় মুক্তি পায় মিমির সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’; পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সিনেমায় আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে দেখা গেছে তাকে।

রাজনীতির মাঠেও পা রেখেছিলেন মিমি।

২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেন। জয়ী হয়ে ভারতের সংসদ সদস্য হন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মিমি।

পুরনো খবর:

মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড: বর-কনের সঙ্গে জায়গা পেল কারা
ডিসেম্বরেই মিমি চক্রবর্তীর বিয়ে?
জীবনসঙ্গীর কাছে কী চান মিমি