ডিসেম্বরেই মিমি চক্রবর্তীর বিয়ে?
সোশাল মিডিয়ায় মিমির বিয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর তার হবু স্বামীকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিনেত্রী মিমি চক্রবর্তী বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে পাহাড়ি শহর কালিম্পঙে তার বিয়ের আসর বসতে পারে।
তবে অভিনেত্রী নিজে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি।
আনন্দবাজার লিখেছে, আগামী নভেম্বরেই মিমি চক্রবর্তীর বাগদান পর্ব সম্পন্ন হতে পারে। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য কালিম্পঙের একটি স্থান নির্বাচন করা হয়েছে এবং ইতোমধ্যে ঘনিষ্ঠ মহলে নিমন্ত্রণের তোড়জোড় শুরু হয়েছে।
সোশাল মিডিয়ায় মিমির বিয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর তার হবু স্বামীকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।
আনন্দবাজারের খবর বলছে, তার হবু স্বামী বিনোদন জগতের কেউ নন; তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা।
বিগত বছরগুলোতে নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে সম্পর্কিত প্রশ্ন সবসময় এড়িয়ে গেছেন মিমি। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অভিনয়, পরিবার, বই এবং পোষ্যদের নিয়েই তার ব্যস্ততা।
আনন্দবাজার লিখেছে, গত বছর দুর্গাপূজার সময় নৌ বাহিনীর ওই কর্মকর্তার সঙ্গে মিমির পরিচয় হয়, এরপর তাদের বন্ধু মহলে বিভিন্ন আড্ডায়ও দেখা গেছে। তবে তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
বিয়ের দিনক্ষণ ও আংটিবদলের বিষয়ে জানতে মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্ন্দবাজার।
