২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের পোড়া গাড়িতে ফের আগুন

চব্বিশের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামুনের বাড়িতে ‘হামলা ও প্রাইভেট কারটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে’।

সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের পোড়া গাড়িতে ফের আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের বাড়ির সামনে রাখা প্রাইভেটকারটিতে বৃহস্পতিবার রাতে আগুনে লাগানোর ঘটনা ঘটে। ছবি- ভিডিও থেকে নেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 01:26 PM

Updated : 21 Nov 2026, 01:26 PM

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এস এম আল মামুনের বাড়ির প্রাঙ্গনে রাখা একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দুইটার পর, তবে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়িতে আগুন লাগার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।

সীতাকুণ্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলম মামুনের বাড়িটি উপজেলার ফকিরহাট এলাকায়। চব্বিশের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামুনের বাড়িতে ‘হামলা ও প্রাইভেট কারটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে’।

এরপর থেকে পোড়া প্রাইভেট কারটি বাড়ির আঙিনায় পোড়া অবস্থায় রাখা ছিল। সেই গাড়িতেও ফের আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির দরজার সামনে রাখা একটি প্লাস্টিকের চেয়ার ও মাটিতে পড়ে থাকা কিছুতে আগুন জ্বলছে। আর বিপরীত পাশে রাখা গাড়িটিতে আগুন জ্বলছে।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত দুইটা-আড়াইটার দিকে আগুন লেগেছে বলে বলা হচ্ছে। কিন্তু আমাদের কেউ জানায়নি। গতকাল (শুক্রবার) রাতে ফেইসবুকে ভিডিও দেখে আমাদের টিম সেখানে গিয়েছিল।

“বাড়ির সামনে যে গাড়িটি পড়ে আছে সেটি আগে থেকেই পোড়া। ২০২৪ সালের ৫ আগস্ট সেটি পোড়ানো হয়। পোড়া গাড়িটি একটি প্লাস্টিকের কভার দিয়ে ঢাকা ছিল। সেটিতে কোন দুস্কৃতকারী আগুন দিয়ে থাকতে পারে। তবে আমরা গিয়ে কিছু পোড়া প্লাস্টিক ও পলিথিন পেয়েছি।”

আর বাড়ির দরজার সামনের অংশে পলিথিনে আগুন দেওয়া হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।