‘দারুণ নেতা’ কামিন্সের পাশে দাঁড়িয়ে দল ছাড়ার ইঙ্গিত হেইজেলউডের
বল টেম্পারিং নিয়ে কিছু জানতেন না দাবি করে জশ হেইজেলউড বলেছেন, কামিন্সকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলে দল ছাড়ার কথা ভাববেন তিনি।
বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন জশ হেইজেলউড। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্যকে সমর্থন জানিয়ে এই পেসার বলেছেন, সিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করা হচ্ছে জানতেন না তিনিও।
আট বছর আগের সেই বিতর্কের কারণে কামিন্সকে এখন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে, দল ছাড়ার কথা ভাববেন বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন হেইজেলউড।
উসমান খাওয়াজার আত্মজীবনী ‘সব্র’ প্রকাশের পর ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের বল টেম্পারিং কাণ্ড নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। ক্রিকেটে ওই ঘটনা ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিতি। ওই সফরের দলে থাকা খাওয়াজা দাবি করেন, বলে সিরিষ কাগজ ব্যবহারের কথা জানতেন দলের সবাই।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি খাওয়াজার বক্তব্যের সমালোচনা করেন কামিন্স। এরপর পুরো ঘটনা নিয়ে স্মৃতিচারণ করে চার হাজার শব্দের একটি আর্টিকেল প্রকাশ করেন ক্যামেরন ব্যানক্রফট। তিনিও দাবি করেন, বল টেম্পারিংয়ের কথা জানতেন দলের সবাই।
ওই ঘটনায় ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ শাস্তি পেয়েছিলেন।
‘নিউজ কর্প’-কে দেওয়া সাক্ষাৎকারে হেইজেলউড বলেন, গত কয়েক দিনে বিভিন্ন দিক থেকে কামিন্সের ওপর চাপ তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়কের পাশে থাকতে চান।
“মনে হচ্ছে গত কয়েক দিন ধরে বিভিন্ন মহল থেকে (কামিন্সের ওপর) চাপ দেওয়া চলছে। আমি প্যাটের পাশে দাঁড়াতে চাই। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে ও যা বলেছে, বিশেষ করে গত পাঁচ-ছয় বছর ধরে অধিনায়ক হিসেবে সে যা করেছে, তার সবকিছুকেই সমর্থন করছি।
“দলকে আজকের জায়গায় নিয়ে আসা এবং এমন এক অবস্থানে নেওয়া যেখান থেকে ভবিষ্যতে আর কখনোই ওই ধরনের (স্যান্ডপেপার) ঘটনা ঘটবে না- আমি মনে করি এটি অসাধারণ কাজ। সে দারুণ একজন নেতা। দলের প্রত্যেককে জিজ্ঞেস করলে একই উত্তর পাবেন। আমরা যদি (নিউ জিল্যান্ডের বিপক্ষে) প্রথম টেস্ট খেলতে গিয়ে দেখি, সে অধিনায়ক নেই, অন্য কেউ দায়িত্বে আছে, সত্যি বলতে পরিস্থিতি কোনদিকে যাবে, তা আমার জানা নেই।”
ব্যানক্রফটের স্মৃতিচারণের পর ভীষণ চাপে আছেন কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বে তার থাকা নিয়ে প্রশ্ন উঠছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রস্তুতি নিতে গত দুই সপ্তাহ ধরে সিডনিতে কামিন্সের সঙ্গে অনুশীলন করছেন হেইজেলউড। পার্থে প্রথম টেস্টে কামিন্স অধিনায়ক না থাকলে নিজেকে নিয়ে নতুন করে ভাববেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
“সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে আগে ওই পরিস্থিতিতে পড়তে হবে। তবে বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে।”
তবে কামিন্সকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা হয়তো তেমন নেই, অন্তত আপাতত পরিস্থিতি তেমনটা নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার বিবৃতি দিয়ে কামিন্সের প্রতি সমর্থন জানিয়েছে।
বল টেম্পারিংয়ের বিষয়ে কিছুই জানতেন না বলে আবারও দাবি করেছেন হেইজেলউড। একই সঙ্গে ব্যানক্রফটের সাম্প্রতিক বর্ণনায় কিছু অসংগতি রয়েছে বলেও মনে করেন তিনি।
“কেপ টাউনের ঘটনার পরপরই আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দুই-তিন ঘণ্টার সেই জিজ্ঞাসাবাদে আমি যা বলেছিলাম, সেটাকেই এখনকার যেকোনো বক্তব্যের চেয়ে বেশি বিশ্বাস করি। কারণ, তখন ঘটনার এক-দুই দিন মাত্র পেরিয়েছে। তখন সবকিছু আমার স্মৃতিতে একেবারে তাজা ছিল।
“যা কিছু বলা হচ্ছে, তার মধ্যে দুটি বিষয় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার পরিকল্পনাকারীদের একজন কি আমি ছিলাম? এবং মাঠে স্যান্ডপেপার বা বাইরের কোনো বস্তু ব্যবহারের বিষয়ে আমি কি জানতাম? দুটিরই উত্তর না। এই দুটি বিষয়ই সবচেয়ে জরুরি। সবাই জানে বলে ধরে নেওয়া এবং সবাই যে জানে তা নিশ্চিতভাবে জানার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এটি একটি বড় ব্যবধান।”
খাওয়াজা ও ব্যানক্রফট দুজনই পোর্ট এলিজাবেথ (গেবেখা) টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির সময়ের একটি কথোপকথনের কথা বলেছেন। তাদের দাবি, ওই সময়ই প্রথম বলের ওপর সিরিষ কাগজ ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। একাদশে না থাকা চ্যাড সেয়ার্স বলেছেন, পরিকল্পনার কথা তিনি জানতেন এবং মাঠে থাকা ব্যানক্রফটের কাছ থেকে সিরিষ কাগজ সংগ্রহের দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল। ওয়ার্নারও বিস্তারিত কিছু না জানিয়ে খাওয়াজার বক্তব্যকে সমর্থন করেছেন।
ব্যানক্রফট তার বর্ণনায় বলেছেন, সিরিষ কাগজ দিয়ে বল ঘষার পর প্রতি ওভারেই বোলারদের ও অন্যদের কাছে জানতে চাইতেন, বল রিভার্স সুইং করছে কি না। হেইজেলউডের মতে, এমন কথোপকথন ছিল স্বাভাবিক।
“এটা অবশ্যই স্বাভাবিক কথাবার্তা। ব্যানক্রফটের বক্তব্যে ওই অংশটি আমি পড়েছি। বল রিভার্স সুইং করছে কি না, সে আমাদের কাছে তা জানতে চাইত - এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে তার বক্তব্যের কোথাও সে বলেনি, ‘আমি স্যান্ডপেপার দিয়ে এটা করছি’।”
খাওয়াজার অভিযোগ শুরুতেই উড়িয়ে দেন অস্ট্রেলিয়ার তখনকার কোচ ড্যারেন লিমান। ব্যানক্রফটের বক্তব্যের পরও নিজের কথায় অনড় তিনি।
মেলবোর্নে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি দিন এবিসি রেডিওতে লিমান বলেন, “না… আমি (স্যান্ডপেপার ব্যবহার সম্পর্কে) জানতাম না।”
তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও ঘটনার কয়েক দিন পর কোচের পদ থেকে সরে দাঁড়ান লিমান। এবার তিনি নিশ্চিত করলেন, তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল।
“লোকে বলেছিল, আমি কিছুই হারাইনি। অথচ আমি আসলে বিশ্বের সেরা চাকরিটাই হারিয়েছি। যা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। সাধারণ মানুষের কাছে এটাই বলার আছে আমার। সবাই যে কষ্ট পাচ্ছে, তা আমরা জানি। এই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, সেই পথ আমাদের খুঁজে বের করতে হবে।”
