৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত

কাউন্টি ক্লাবটি তার সঙ্গে চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর ইংলিশ কিংবদন্তি নিজেকেই প্রশ্ন করছেন, ‘ব্যক্তি হিসেবে আমার মধ্যে কি মৌলিক কোনো সমস্যা আছে?’

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত

জেমস অ্যান্ডারসন। ছবি: ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 07:18 PM

Updated : 30 Oct 2026, 07:18 PM

ছেলেবেলা থেকে যাদের সমর্থন করে এসেছেন, যে ক্লাবে কেটেছে গোটা ক্যারিয়ার, তাদের সঙ্গে ২৫ বছরের বন্ধন এভাবে ছিন্ন হয়ে যাবে, ভাবতেও পারেননি জেমস অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ার তার সঙ্গে চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ভীষণ অবাক হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার। অন্য কোনো কাউন্টি দলে যোগ দিয়ে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি ৪৪ বছর বয়সি এই ক্রিকেটার।

সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর অ্যান্ডারসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি গত রোববার আনুষ্ঠানিকভাবে জানায় তার শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ার। তারপর প্রথমবারের মতো বিষয়টি নিয়ে বিবিসির ‘টেইলএন্ডার্স’ পডকাস্ট-এ বিস্তারিত কথা বলেছেন অ্যান্ডারসন। ক্লাবের ওই সিদ্ধান্তের পর তিনি নিজেকেই প্রশ্ন করছেন, ‘ব্যক্তি হিসেবে আমার মধ্যে কি মৌলিক কোনো সমস্যা আছে?’

ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি ও ল্যাঙ্কাশায়ারের কিংবদন্তি অ্যান্ডারসন গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করেছেন। ১১ ম্যাচে ১৭.৬৮ গড়ে উইকেট নিয়েছেন ৫০টি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনবার, একবার নিয়েছেন ম্যাচে ১০ উইকেট। দলের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন। তবে ল্যাঙ্কাশায়ারের নতুন কর্তৃপক্ষ তাকে জানিয়েছে যে, তারা ভবিষ্যতের জন্য নতুন বোলিং আক্রমণ গড়ে তুলতে চায়।

“আমি ভেবেছিলাম, দল কীভাবে এগিয়ে যাবে, তা নিয়ে আলোচনা হবে। দলের জন্য বছরটি খুব একটা ভালো ছিল না। অধিনায়ক হিসেবে আমি ভেবেছিলাম, হয়তো সেই বিষয় নিয়েই কথা হবে।

Image

ল্যাঙ্কাশায়ার থেকে বিদায়ের পর অ্যান্ডারসনের খেলোয়াড়ি জীবনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ছবি: ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ফেইসবুক

“কিন্তু আলোচনার শুরুতেই বুঝতে পারলাম, এটি কোনো আলোচনা নয়। আমাকে জানানো হলো, দলকে এগিয়ে নেওয়ার সেরা উপায় হলো আমাকে ছাড়াই এগিয়ে যাওয়া। আমি ভীষণ অবাক হয়েছিলাম। পুরো বিষয়টি ছিল খুবই সংক্ষিপ্ত।”

ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অ্যান্ডারসন ও ক্লাবের নতুন প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়নের সঙ্গে একটি বৈঠক করেছিলেন।

অ্যান্ডারসনের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও, এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে আট দলের মধ্যে সপ্তম হয়ে আসর শেষ করে ল্যাঙ্কাশায়ার।

২০২৪ সালে ইংল্যান্ড দলও অ্যান্ডারসনকে ছাড়াই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজের জন্য নতুন বোলিং আক্রমণ গড়ে তোলার লক্ষ্যে তারা এমন পদক্ষেপ নিয়েছিল।

বারবার কেন এমন হচ্ছে, বুঝতে পারছেন না টেস্ট ইতিহাসের সফলতম পেসার অ্যান্ডারসন।

“মৌসুমজুড়ে আমি এবং প্রধান কোচ প্রায়ই এরকম ভাবতাম, ‘আমরা কি কোনো ভুল করছি? দলকে সাহায্য করার জন্য কি আরও কিছু করার ছিল?’ মৌসুম শেষেও আমি ভাবছিলাম, ‘আমি কি কোনো ভুল করছি?’ এরপরই এই খবরটি পেলাম।

“এখন আমি বিষয়টি নিয়ে আরও বেশি করে ভাবছি। ভাবছি, ‘আবারও এমনটা ঘটছে। মানুষ হিসেবে কি আমার মধ্যে মৌলিক কোনো সমস্যা আছে?’ মাথার ভেতর নানা চিন্তা ঘুরপাক খেতে থাকে।”

ল্যাঙ্কাশায়ার থেকেই ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা ছিল, জানালেন অ্যান্ডারসন।

“ল্যাঙ্কাশায়ারের হয়েই আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম। আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে কি না জানি না, সেটা সময়ই বলে দেবে; তবে কোনো এক পর্যায়ে কেউ যদি আমাকে অবসর নেওয়ার সুযোগ করে দিত, তাহলে ভালো হতো।”

সিদ্ধান্তটি ল্যাঙ্কাশায়ারের সদস্যদের ক্ষুব্ধ করেছে। অ্যান্ডারসনের সাবেক ইংল্যান্ড সতীর্থ স্টুয়ার্ট ব্রড বিষয়টিকে ‘বেশ অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন। সাবেক এই পেসারের মতে, এই ঘটনা ক্লাবের নেতৃত্বের অভাবই ফুটিয়ে তোলে, কারণ অ্যান্ডারসনকে কোনো বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়নি।

২০০০ সালে ১৭ বছর বয়সে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট বোর্ডের হয়ে সাফোকের বিপক্ষে প্রথম ‘লিস্ট এ’ ক্রিকেট খেলেন অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট ৯১১টি, যা ইংল্যান্ডের রেকর্ড এবং সব মিলিয়ে কোনো পেসারেরও সর্বোচ্চ। ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪৩টি, ‘লিস্ট এ’ ক্রিকেটে ৮৩টি এবং টি-টোয়েন্টিতে ৫০টি উইকেট নিয়েছেন তিনি।

বিবিসি লিখেছে, কয়েকটি কাউন্টি দল এই বোলারকে দলে নিতে আগ্রহী। আগামী গ্রীষ্মে তার বয়স হবে ৪৫ বছর।

ক্যারিয়ারের ভবিষ্যতের প্রশ্নে অ্যান্ডারসন মজা করে বলেন, ল্যাঙ্কাশায়ারের চিরপ্রতিদ্বন্দ্বী ইয়র্কশায়ারের হয়ে খেলার কথা তিনি ‘কখনও ভাবেননি।’

“আমি এখনও পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছি এবং আমার জন্য পরবর্তী সেরা পদক্ষেপ কী হতে পারে, তা ভেবে দেখছি। ঘটনাটির পর ১০ দিন পেরিয়ে গেছে। আমি ভবিষ্যৎ নিয়ে রোমাঞ্চিত হতে শুরু করেছি- সেটি নতুন কোনো কাজ হোক বা আবারও ক্রিকেট খেলা। বিষয়টি বেশ রোমাঞ্চকর।

“সামনে দারুণ সব চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাকে সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে, ল্যাঙ্কাশায়ারে কেন বা কীভাবে আমার অধ্যায় শেষ হলো, তা নিয়ে পড়ে থাকলে চলবে না।”

সম্পর্ক ছিন্ন হলেও, সবসময়ই ল্যাঙ্কাশায়ারকে সমর্থন দিয়ে যাওয়ার কথা বললেন অ্যান্ডারসন।

“ছোটবেলায় যে ক্লাবটিকে সমর্থন করতাম, সেখানে যেভাবে আমার অধ্যায় শেষ হলো, তাতে আমার খারাপ লেগেছে। তবে এখন বিষয়টি নিয়ে ভাবার পর, ভবিষ্যতের জন্য আমি বেশ রোমাঞ্চিত। আমি সবসময়ই ল্যাঙ্কাশায়ারকে সমর্থন করে যাব।

“আমার জন্ম সেখানে, তাদের খেলা দেখেই বড় হয়েছি। বাবার সঙ্গে তাদের খেলা দেখতে গিয়ে আমার জীবনের স্মরণীয় দিনগুলো কাটিয়েছি। তাদের হয়ে খেলার সুযোগ পেয়েছি, এমনকি ক্লাবের অধিনায়কত্বও করেছি, যা অনেকের কাছেই স্বপ্নের মতো। আমার মনে হয়, এই ক্লাবের সঙ্গে আমার স্পেশাল সম্পর্ক রয়েছে এবং সবসময়ই তাদের সমর্থন দিয়ে যাব আমি।”