নুসরাতের বাড়ির জমি নিয়ে প্রশ্ন ফারুকের, থামালেন স্পিকার
জয়নুল আবদিন ফারুক, বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেটির মালিক ছিলেন ইদ্রিস আলী। তিনি বাড়িটি নিয়ে মামলা করেছেন বলেও দাবি করেন এই সংসদ সদস্য।
এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুনের ঘটনার পর জমির মালিকানা নিয়ে মামলার প্রসঙ্গ সংসদে তুলতে গিয়ে স্পিকারের বাধার মুখে পড়েছেন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বিষয়টি উত্থাপন করতে গেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে থামিয়ে দেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেটির মালিক ছিলেন ইদ্রিস আলী। তিনি বাড়িটি নিয়ে মামলা করেছেন বলেও দাবি করেন এই সংসদ সদস্য।
এ সময় তাকে থামিয়ে স্পিকার বলেন, বিষয়টি নিয়ে সংসদে এরই মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। নুসরাত নিজে বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও তদন্তের বিষয়ে সরকারের পদক্ষেপ ব্যাখ্যা করেছেন।
স্পিকার বলেন, এ ঘটনায় একদিকে রয়েছেন ক্ষতিগ্রস্ত সংসদ সদস্য, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে তৃতীয় কোনো সংসদ সদস্যের এভাবে বিষয়টি উত্থাপন করা সমীচীন নয়।
জয়নুল আবদিন ফারুকের উদ্দেশে স্পিকার বলেন, “আপনি একজন পুরানো সংসদ সদস্য। ইট ডাজন্ট লুক নাইস।”
তিনি বলেন, বাড়ির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে সেটিও তদন্তে উঠে আসবে। এ বিষয়ে জয়নুল আবদিন ফারুকের কাছে তথ্য থাকলে তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে।
স্পিকার বলেন, জয়নুল আবদিন ফারুক নিজে মামলার কোনো পক্ষ নন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিও নন। তাই সংসদে ইচ্ছামত এ ধরনের প্রশ্ন তোলা সমীচীন নয়।
মামলা বা জমির মালিকানা নিয়ে কোনো তথ্য থাকলে তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়ার পরামর্শ দিয়ে স্পিকার বলেন, প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিবেদনে বিষয়টি তুলে ধরবেন।
