সংসদে আমির হামজাকে নিয়ে টিপ্পনির অভিযোগ
“কোনো সংসদ সদস্যের সম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ করা উচিত নয়,” বলেন হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার প্রশ্নের সময় তাকে নিয়ে টিপ্পনি ও হইচই করা হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছেন দলটির সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ ধরনের আচরণে সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের পরস্পরের প্রতি আরও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। কোনো সদস্যের সম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার অনুরোধ করেন তিনি।
রোববার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর শাহজাহান চৌধুরী বিষয়টি উত্থাপন করলে স্পিকার এসব কথা বলেন।
এর আগে প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা তারকাচিহ্নিত ৫৪৩ নম্বর প্রশ্ন উত্থাপন করেন।
তার নাম ঘোষণার সময় কয়েকজন সংসদ সদস্যকে হইচই করতে দেখা যায়। এ সময় মাইক ছাড়াই কয়েকজন মন্তব্য করেন।
পরে আমির হামজার প্রশ্নের উত্তর দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এরপর একটি সম্পূরক প্রশ্নও করেন তিনি।
মাগরিবের নামাজের বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন পরিচালনার দায়িত্ব নেন।
এ সময় বিষয়টি তুলে ধরে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “সংসদের ৩৫০ জন সদস্যের অভিভাবক হিসেবে সবার সম্মান রক্ষার দায়িত্ব স্পিকারের।”
তিনি বলেন, “আমির হামজা একজন ইসলামি চিন্তাবিদ ও ওয়ায়েজ। প্রশ্নোত্তর পর্বে তার নাম উল্লেখের সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে মন্তব্য করেছেন এবং হইচই করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল।”
শাহজাহান বলেন, স্পিকার এতদিন সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সম্মান সমানভাবে রক্ষা করেছেন।
আমির হামজাকে নিয়ে মন্তব্যের বিষয়টিও স্পিকারের নজরে এনে এ বিষয়ে সিদ্ধান্ত চান তিনি।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৫ বছরের দুঃসময় পেরিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে। এই সংসদের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে।
তার দেখা সাতটি সংসদের মধ্যে বর্তমান সংসদ সবচেয়ে সুন্দরভাবে গঠিত হয়েছে বলে মন্তব্য করেন স্পিকার।
তিনি বলেন, “এই সংসদে অনেক জ্ঞানী, গুণী ও শিক্ষিত ব্যক্তি রয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদটি গঠিত হয়েছে।”
স্পিকার বলেন, অতীতে সংসদে রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে অশ্রাব্য ও আপত্তিকর মন্তব্য করা হত। তার উপস্থিতিতে আগের সংসদগুলোতে তুমুল গালাগালির ঘটনাও ঘটেছে। এমনকি খালেদা জিয়াকে উদ্দেশ করে পেছনের সারি থেকে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল।
এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, “বর্তমান সংসদের কার্যক্রম অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি মানুষ দেখছেন। সংসদ সদস্যদের আচরণের ওপর ভিত্তি করেই তারা সংসদ সম্পর্কে ধারণা তৈরি করবেন।
“তাই সংসদের মর্যাদা রক্ষায় সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সমান দায়িত্ব রয়েছে। সুতরাং এই সংসদে মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না।”
