পাকিস্তান সফরে স্পিকার হাফিজ উদ্দিন
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে গেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ।
সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ইসলামাবাদের উদ্দেশে রওনা হন।
জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ছয়দিনের এই সফরে স্পিকারের সঙ্গে আছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। আগামী ২৯ নভেম্বর তারা দেশে ফিরবেন।
এর আগে গত ১৩ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বাংলাদেশের স্পিকার নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছিলেন। দুই স্পিকারের মধ্যে টেলিফোনে কথাও হয়। ওই সময় হাফিজ উদ্দিনকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন আয়াজ সাদিক।
এছাড়া নভেম্বরের ১ তারিখে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। ওই বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া তানজানিয়ায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীকে সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ সোমবার জানিয়েছে, সফরকালে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির সঙ্গে হাফিজ উদ্দিন আহমদের বৈঠকের কথা রয়েছে।
