২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি বংশোদ্ভূত আফশা পেলেন যুক্তরাষ্ট্রের পিসাকানো বৃত্তি

দেশটির মেডিক্যাল স্কুলগুলোর মধ্য থেকে ১০ জন এ স্বীকৃতি পেয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আফশা পেলেন যুক্তরাষ্ট্রের পিসাকানো বৃত্তি

আফশা হোসেন, ছবি: জ্যাগওয়্যার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 02:16 PM

Updated : 23 Nov 2026, 02:16 PM

যুক্তরাষ্ট্রের মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার (এমসিজি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফশা হোসেন এবছর ‘পিসাকানো স্কলার’ হিসেবে নির্বাচিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন মেডিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ১০ জন এ স্বীকৃতি পেয়েছেন। তাদের মধ্যে আফশা জর্জিয়া অঙ্গরাজ্যের একমাত্র নির্বাচিত শিক্ষার্থী।

পরিবারের শিকড় বাংলাদেশে হলেও যুক্তরাষ্ট্রেই জন্ম ও বেড়ে ওঠা আফশার। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসার সুযোগ বাড়ানো এবং পারিবারিক চিকিৎসাব্যবস্থার (ফ্যামিলি মেডিসিন) উন্নয়নে কাজ করার আগ্রহের স্বীকৃতি হিসেবে তিনি এ বৃত্তি পেয়েছেন।

শুক্রবার মেডিক্যাল কলেজ অব জর্জিয়া তাদের ফেইসবুকে পেইজে এবং সংবাদমাধ্যম জ্যাগওয়্যার-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পিসাকানো স্কলারশিপ যুক্তরাষ্ট্রের চিকিৎসাশিক্ষা ও পারিবারিক চিকিৎসা পেশার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাবৃত্তি কর্মসূচি। চিকিৎসক নিকোলাস জে. পিসাকানোর স্মরণে প্রতিষ্ঠিত এ কর্মসূচির লক্ষ্য, ভবিষ্যতে পারিবারিক চিকিৎসক হিসেবে কাজ করতে আগ্রহী মেডিক্যাল শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা, পেশাগত জ্ঞান ও জনসেবার মানসিকতা বিকাশে সহায়তা করা।

এ কর্মসূচিটি ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের আমেরিকান বোর্ড অব ফ্যামিলি মেডিসিন (এবিএফএম) প্রতিষ্ঠা করে। চিকিৎসাবিজ্ঞানে পারিবারিক চিকিৎসাকে একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রথম নির্বাহী পরিচালক নিকোলাস জে. পিসাকানোর স্মরণে এর নামকরণ করা হয়।

আফশা জানান, তার চিকিৎসক হয়ে ওঠার আগ্রহের পেছনে রয়েছে নিজের পরিবারের অভিজ্ঞতা। তার বাবা-মা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা মহানগর এলাকায় বাংলাদেশি অভিবাসী পরিবারে বেড়ে ওঠা আফশা তার পরিবারের প্রথম সদস্য, যিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন।

ছোটবেলায় তিনি দেখেছেন, স্বাস্থ্যবিমা না থাকায় তার বাবা-মাকে চিকিৎসাসেবা পেতে নানা সমস্যায় পড়তে হতো। তার মা ইংরেজিতে স্বচ্ছন্দ ছিলেন না। জটিল স্বাস্থ্যব্যবস্থার নিয়মকানুন বুঝে সন্তানদের জন্য চিকিৎসার ব্যবস্থা করাও তার জন্য কঠিন ছিল। একপর্যায়ে আফশা ও তার ভাইয়ের চিকিৎসার জন্য বাবা-মা মেডিকেইডের (স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সহায়তা কর্মসূচি) আবেদন করেন।

‘জ্যাগওয়্যার’-কে আফশা বলেন, পরিবারের এ অভিজ্ঞতা তাকে বুঝতে শিখিয়েছে, ভাষাগত সীমাবদ্ধতা, আর্থিক সংকট ও পারিবারিক পরিস্থিতি কীভাবে একজন মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগকে প্রভাবিত করে।

২০১৮ সালে জর্জিয়ার লিলবার্নের বার্কমার হাইস্কুল থেকে শ্রেণির সর্বোচ্চ ফলাফল নিয়ে উত্তীর্ণ হন আফশা। পরে এমরি বিশ্ববিদ্যালয়ে মানবস্বাস্থ্য বিষয়ে পড়াশোনা করেন, পাশাপাশি পুষ্টিবিজ্ঞানে ডিগ্রি পান। এরপর ভর্তি হন মেডিক্যাল কলেজ অব জর্জিয়ায়। চিকিৎসাশিক্ষার শুরুতে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, শিশুরোগ, মনোরোগবিদ্যা এবং পারিবারিক চিকিৎসাসহ কয়েকটি বিষয়ে তার আগ্রহ ছিল।

তবে বিভিন্ন বিভাগে ব্যবহারিক প্রশিক্ষণ, সম্মেলন ও নেতৃত্ববিষয়ক কর্মসূচিতে অংশ নেওয়ার পর পারিবারিক চিকিৎসাকেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০২৫ সালে আমেরিকান একাডেমি অব ফ্যামিলি ফিজিশিয়ানসের (এএএফপি) ফ্যামিলি মেডিসিন লিডস স্কলারশিপও পেয়েছিলেন আফশা।

মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার ডিন ডেভিড হেস বলেন, “বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তান হিসেবে আফশা নিজেই স্বাস্থ্যসেবা পাওয়ার নানা প্রতিবন্ধকতা দেখেছেন। শরণার্থী, স্বাস্থ্যবিমাহীন মানুষ ও গৃহহীন ব্যক্তিদের চিকিৎসাসেবায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার পাশাপাশি আথেন্স ফ্রি ক্লিনিক ও বিভিন্ন সামাজিক গবেষণায় তার সম্পৃক্ততা সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর প্রতি তার অঙ্গীকারেরই প্রতিফলন।”

আফশা হোসেন মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার ইতিহাসে দ্বিতীয় শিক্ষার্থী হিসেবে পিসাকানো স্কলার নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৫ সালে একই কলেজের শিক্ষার্থী আনা-সোফিয়া চুং এ স্বীকৃতি পেয়েছিলেন।