আছে হাসি, আছে জটিলতা, আসছে ‘বেকার পোলাপাইন’
সপ্তাহের দুইদিন শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।
প্রেম, পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ এবং দাম্পত্য জীবনের নানা হাস্যকর ও জটিল ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বেকার পোলাপাইন’।
ফরিদুল ইসলাম নির্জনের রচনায় ‘বেকার পোলাপাইন’ নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। নাটকটি প্রচার হবে টেলিভিশন স্টেশন বাংলাভিশনের পর্দাায়।
বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, আগামী শুক্রবার থেকে নাটকটি দেখা যাবে। প্রতি সপ্তাহের দুইদিন শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।
নাটকের গল্পে দেখানো হবে, টোটো এক আত্মবিশ্বাসী ও আত্মম্ভরী মানুষ, যার চিকিৎসাবিদ্যায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজেকে চিকিৎসক দাবি করে তিনি খুলে বসেন হোমিওপ্যাথিক ডিসপেনসারি।
টোটোর জীবনে একসময় আসে মায়া নামের এক নারী। তাকে ঘিরে টোটোর প্রেম, অদ্ভুত কর্মকাণ্ড এবং পরবর্তী দাম্পত্য জীবনের নানা হাস্যকর ও জটিল ঘটনা ঘটতে থাকে।
গল্পের একপর্যায়ে টোটো উপলব্ধি করেন যে, সব বিষয়ে জ্ঞান জাহির করা আর প্রকৃত জ্ঞানী হওয়া এক নয়।
নাটকটি নিয়ে নির্মাতা মিতুল জানিয়েছেন, হাসির ঘটনার মধ্য দিয়ে নাটকে উঠে আসবে ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো। নাটকটিতে দর্শকরা বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তা পাবে।
‘বেকার পোলাপাইন’ নাটকে অভিনয় করেছেন চাষী আলম, তানজিম হাসান অনিক, সিনি স্নিগ্ধা, শিরতাজ জেবিন, হানিফ পালোয়ান, জাবেদ গাজী, আনোয়ার হোসেন, ফাতেমা হিরা, ফরহাদ বাবু, জাস মান্নাতসহ আরও অনেকে।
