‘অন্যপাতা’ দেখা যাচ্ছে যেসব হলে
বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন।
বিশ্ববিদ্যালয় জীবনের টানাপড়েন, প্রেম ও সংগ্রামের গল্প নিয়ে তৈরি চলচ্চিত্র ‘অন্যপাতা’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।
শুক্রবার থেকে সিনেমাটি সারাদেশের ১১টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসজেএ প্রোডাকশন জানিয়েছে, ঢাকা ও ঢাকার বাইরে একাধিক জেলার প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘অন্যপাতা’।
ঢাকায় সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরাণীগঞ্জ) ও শ্যামলী সিনেমায়।
এছাড়াও চট্টগ্রামের বালি আর্কেডের স্টার সিনেপ্লেক্স ও সুগন্ধা সিনেপ্লেক্সে চলছে চলচ্চিত্রটি। কুমিল্লার ‘কে স্ক্রিন’ (কুমিল্লা ক্যান্টনমেন্ট), কুষ্টিয়ার ‘স্বপ্নীল সিনেপ্লেক্স’, নারায়ণগঞ্জের ‘সিনেস্কোপ’, বগুড়ার ‘মমো ইন সিনেপ্লেক্স’ এবং রাজশাহীর ‘গ্র্যান্ড রিভার ভিউ’-তে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পরিবারের প্রত্যাশা, আর্থিক সংকট, প্রেম ও আত্মপরিচয়ের খোঁজে একদল শিক্ষার্থীর প্রাত্যহিক জীবনের নানা অভিজ্ঞতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘অন্যপাতা’।
সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ, আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোহাম্মদ ইফতিখার।
১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে মোট ৬টি মৌলিক গান রয়েছে। বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন। চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান।
