তিশা-প্রান্তরের ‘মায়ার শহর’, দেখাবে জীবনের গল্প
এ নাটকে তুলে ধরা হয়েছে শহরের ভিড়ে লুকিয়ে থাকা মানুষের আবেগের নানা রূপ।
শহুরে জীবনের চেনা গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মায়ার শহর’। যে গল্পে আছে মানুষের ব্যস্ততা, প্রেম, সম্পর্কের জটিলতা।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন তাসনুভা তিশা ও প্রান্তর দস্তিদার।
ইয়াসিন রহমান সুমনের পরিচালনায় এই নাটকটি দেখা যাবে সিনেপ্লাস স্টুডিওর ইউটিউব চ্যানেলে।
রশিদুর রহমানের রচনা, চিত্রনাট্য ও সংলাপে তৈরি এ নাটকে তুলে ধরা হয়েছে শহরের ভিড়ে লুকিয়ে থাকা মানুষের আবেগের নানা রূপ। সময় ও পরিস্থিতির কারণে সম্পর্ক তৈরি ও ভাঙার বাস্তব রূপ দেখা যাবে এই নাটকে।
বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে পরিচালক ইয়াসিন রহমান সুমন বলেন, “‘মায়ার শহর’ মূলত আমাদের প্রতিদিনের জীবনের গল্প। এই শহরে আমরা প্রত্যেকেই কোনো না কোনো মায়ায় জড়িয়ে থাকি। প্রান্তর ও তিশা দুজনেই খুব ভালো কাজ করেছেন। দর্শক গল্পটির সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন বলে আশা করছি।”
নাটকটিতে তিশা ও প্রান্তর ছাড়া আরও অভিনয় করেছেন জুবায়ের জাহিদ, তাসরিন জাহান স্বপ্না, সাজ্জাদ চৌধুরী, নেয়ামূল করিম, ফয়সাল আহমেদ, মায়া, মামুন ইব্রাহিম, জয় ও মাহাবুব উদ্দিন।
‘মায়ার শহর’-এর নির্বাহী প্রযোজক জয়ন্ত চন্দ্র।
প্রযোজনা সংস্থা সিনেপ্লাস স্টুডিও জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দর্শকরা নাটকটি দেখতে পাবেন।
