‘এই ঘর এই সংসার’: মূল চরিত্রে ‘মিস ইউনিভার্স’ থেকে বাদ পড়া মাহি
মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, আবেগ ও জীবনের বাস্তবতায় বোনা হয়েছে নাটকের গল্প।
মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, আবেগ ও জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘এই ঘর এই সংসার’।
আগামী ১ ডিসেম্বর থেকে আরটিভিতে প্রচার হবে নাটকটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় দেখা যাবে ধারাবাহিকটি।
শহীদ উন নবীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সামিরা খান মাহি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে নাটকটির ট্রেইলার। যেখানে দেখা গেছে, স্ত্রী ও তিন সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বাবা। পরিবারের দায়িত্ব নিতে টিউশনি শুরু করে বড় মেয়ে মায়া, যার চরিত্রে অভিনয় করেছেন মাহি।
অন্যদিকে ছোট দুই ভাই-বোনের উচ্চবিত্তের মত জীবনযাপনের স্বপ্ন বড় বোনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে। একপর্যায়ে দ্রুত ধনী হওয়ার লোভে অপরাধে জড়িয়ে পড়ে ছোট ভাই, আর অফিসের টাকার হিসাব নিয়ে অপমানিত হতে হয় বাবাকে।
এমন নানা সংকটের মধ্য দিয়ে এগিয়ে যায় মায়ার জীবন।
নাটকটি নিয়ে নির্মাতা শহীদ উন নবী বলেন, “এই ঘর এই সংসার’ নামের মধ্যেই পারিবারিক জীবনের নানা দিক, সম্পর্কের টানাপোড়েন ও সংসারকেন্দ্রিক বাস্তবতার প্রতিফলন রয়েছে। একটি পরিবারকে ঘিরে মানুষের আবেগ, ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্পর্কের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।”
ধারাবাহিকটিতে মাহি ছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, মিলি বাশার, সিয়াম মৃধা, নিঝুম, মুসাফির সৈয়দ বাচ্চু ও সুমন পাটোয়ারী।
