০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পূজায় আসছে ‘স্নেহের বন্ধন’

দুর্গাপূজা ঘিরে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

পূজায় আসছে ‘স্নেহের বন্ধন’

‘স্নেহের বন্ধন’ সিনেমার পোস্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 05:06 PM

Updated : 07 Oct 2026, 05:07 PM

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সামাজিক, পারিবারিক ও অ্যাকশনধর্মী গল্পে ‘স্নেহের বন্ধন’ নামের একটি সিনেমা বানিয়েছেন পরিচালক কামরুজ্জামান।

সিনেমাটি আসছে দুর্গাপূজায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

‘স্নেহের বন্ধন’ মুক্তি ঘিরে মঙ্গলবার বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, সিনেমাটি কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। এবার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী।

সিনেমাটি নিয়ে ‘আশাবাদী’ মন্তব্য করে মৌ খান বলেন, “‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সাথে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, চরিত্রটি দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।”

সিনেমাটি নিয়ে আশাবাদী অভিনেতা জয় চৌধুরীও। তার প্রত্যাশা, গল্প ও নির্মাণের কারণে ‘স্নেহের বন্ধন’ দর্শকদের ভালো লাগবে।

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী, কাজী হায়াত সহ অনেকে।