অভিযোগ গঠনের শুনানিতে এসে পরীমনি জানলেন 'আদালত বদলি'
“আজ এসে শুনেছি, ৯ নভেম্বর মামলাটা সিএমএম আদালতে বদলি করা হয়েছে। কিন্তু আমাদের বিষয়টি জানানো হয়নি।”
বনানী থানার মাদক মামলার অভিযোগ গঠনের বিষয়ের শুনানিতে হাজির দিতে এসে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি জানতে পারলেন 'আদালত বদলি' হয়ে গেছে।
পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে এতদিন মামলার বিচার চলচিল ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে। এখন মামলাটা সিএমএম আদালতে বদলি করা হয়েছে।
গেল ২৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়েছে; সেদিন শুনানি শেষে পরবর্তী তারিখ দেওয়া হয় এদিন।
মঙ্গলবার বিচারক রবিউল আলমের আদালতে হাজিরা দিতে সকাল ১০টা ৩৮ মিনিটে আদালতে পৌঁছান পরীমনি। পরে আদালতের ভেতর বসে থাকেন তিনি।
বিচারক রবিউল আলম এজলাসে উঠলে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “মামলাটা এই আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। কিছুটা শুনানিও হয়েছে। আজ এসে শুনেছি, ৯ নভেম্বর মামলাটা সিএমএম আদালতে বদলি করা হয়েছে। কিন্তু আমাদের বিষয়টি জানানো হয়নি।”
এসময় বিচারক বলেন, “মাদক মামলায় নতুন আইন হয়েছে। ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সেই হিসেবে মামলার বিচার চলবে।”
পরে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এজলাসের ভেতর পরীমনির বসে থাকার মৌখিক অনুমিত চান। বিচারক অনুমতি দেন।
কিছুটা সময় বসে থেকে আদালতের বাইরে বের হন পরীমনি। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী তার জানতে চান, তিনি কেন বের হয়েছেন?
পরীমনি তাকে বলেন, “ভেতর দম বন্ধ হয়ে আসছে।”
পরে আদালতের বাইরে বসে থাকেন পরীমনি।
এদিকে মামলার বিষয়ে ঢাকার সিএমএম আদালত খোঁজ খবর নিতে থাকেন আইনজীবীরা।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে যান পরীমনি।
নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “নতুন আদালতে আজ মামলার তারিখ ছিল না। আমরা শুধু হাজিরা দিয়েছি। আগামী ২৩ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।”
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তোলপাড় তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ অগাস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব।
পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।
এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।
মামলার অপর দুই আসামি- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।
মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেন।
অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন।
পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আসে উচ্চ আদালত থেকে।
