সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২০ হয়েছে।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২০ হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুদের মধ্যে ছয় মাস পাঁচ দিন বয়সি নিপা বিশ্বাস মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা প্রিদম বিশ্বাসের মেয়ে। সে সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।
অন্য শিশুটি সাত মাস বয়সি সাজেদা বেগম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা জাকিরের মেয়ে। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।
এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২২০ জনের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের এক হাজার ৬২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে জানান হয়েছে।
