সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২৯ হয়েছে।
হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট বিভাগে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২৯ হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুদের মধ্যে এক বছর দুই মাস বয়সি মুনতাহা জান্নাত ফারিহা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা রফিক উল্লাহর মেয়ে; নয় মাস বয়সি বর্ষণ দাস একই জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা সুমন দাসের ছেলে। অন্য শিশুটি এক বছর বয়সি প্রিয়নর্শী দাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা শতলাল দাসের মেয়ে।
এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২২৯ জনের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের এক হাজার ৮৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে জানান হয়েছে।
