হামের লক্ষণ নিয়ে সিলেট বিভাগে আরও ২ শিশুর মৃত্যু
এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ২১৪ হয়েছে।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ২১৪ হয়েছে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেটের দুটি হাসপাতালে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুদের মধ্যে দুই বছর বয়সি ঝুহি বেগম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের মেয়ে। সে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি ছিল।
অন্য শিশুটি ৭ মাস বয়সি তানিশা, সে সুনামগঞ্জের সদর উপজেলার বাসিন্দা জাহিদুলের মেয়ে। শিশুটি সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৬৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২১৪ জনের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের এক হাজার ২০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের বলা হয়েছে।
