১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস বন্ড হতে রবার্ট প্যাটিনসন ‘সুবিধাজনক শর্ত’ পেয়েছেন?

সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করছে অ্যামাজন এমজিএম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 09:31 PM

Updated : 18 Nov 2026, 09:30 PM

জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর পুরোনো সব পোস্ট সরে যায়, ভেসে ওঠে কেবল দুটো শব্দ ‘পরিচয় নিশ্চিত’। কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হয় বন্ডের চিরচেনা টাক্সেডো পরা অভিনেতা রবার্ট প্যাটিনসনের ছবি। পৃথিবী জেনে যায়, ‘জিরোজিরোসেভেন’ কোডটি বলার নতুন মানুষ এসে গেছে।

বিবিসি জানিয়েছে, জেমস বন্ড হওয়ার ঘোষণাটিতে জীবনের ‘সেরা সম্মান’ হিসেবে বর্ণনা করেছেন প্যাটিনসন। যদিও এই অভিনেতার অতিপ্রাকৃত আকর্ষণে মুগ্ধ তার ভক্তকূল আগে থেকেই।

শুরুতে তার পরিচয় ছিল রোমান্টিক নায়ক হিসেবে। হলিউডে প্রথম নজর কাড়েন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয় করে।

তার সেই রোমান্টিক পরিচয় অনেকটাই ম্লান হয়ে যায়, ‘টোয়ালাইট’ সিরিজে প্যাটিনসন ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করার পর।

এরপর কখনো অস্থির যুবক, অপরাধী হয়ে পর্দায় আসেন। এসব চরিত্রে নিজেকে ভেঙেচুরে নানা ভাবে তুলে ধরেন দর্শকের সামনে।

এবার তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়।

ড্যানিয়েল ক্রেইগের পর সপ্তম অভিনেতা হিসেবে ‘জিরোজিরোসেভেন’ চরিত্রে দেখা যাবে প্যাটিনসনকে। নতুন বন্ড সিনেমাটি পরিচালনা প্রখ্যাত কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভ। চিত্রনাট্য লেখার দায়িত্ব পড়েছে স্টিভেন নাইটের উপর।

প্রযোজনার দায়িত্বে থাকছেন ‘হ্যারি পটার’ সিনেমার প্রযোজক ডেভিড হেইম্যান এবং ‘স্পাইডার-ম্যান’ এর প্রযোজক অ্যামি প্যাসকেল।

শুরু ‘হ্যারি পটার’ দিয়ে

লন্ডনের বার্নস এলাকায় ১৯৮৬ সালের ১৩ মে জন্ম প্যাটিনসনের, অভিনেতার পুরো নাম রবার্ট ডগলাস টমাস। অভিনয় টেনেছে ছেলেবেলা থেকে।

স্কুলে পড়ার সময়ই নাটকে অভিনয় করেছেন। পরবর্তীতে যুক্ত ছিলেন থিয়েটার দলের সঙ্গেও। কিশোর বয়সেই মঞ্চে কাজ করতে করতেই পেশাদার অভিনেতা বনে যান ৪০ বছর বয়সি প্যাটিনসন।

তার প্রথম সিনেমা ২০০৪ সালে ‘ভ্যানিটি ফেয়ার’। তবে মুক্তি পাওয়া সংস্করণে তার অভিনীত অংশটুকু বাদ দেওয়া হয়। এর পর ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয় করেন প্যাটিনসন।

হ্যারি পটারের সহপাঠী এই তরুণ নজর কাড়েন দর্শকদের। তবে খ্যাতি আসতে সময় নেয় আরও তিন বছর। ২০০৮ সালে স্টেফানি মেয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘টোয়ালাইট’ সিনেমায় এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয়ের সুযোগ পান প্যাটিনসন।

গল্পে এডওয়ার্ড একজন ভ্যাম্পায়ার। যিনি প্রেমে পড়ে সাধারণ মানবী বেলা সোয়ানের। বিষন্নতা, রহস্য, রোমান্টিকতার দিয়ে মোড়ানো ছিল চরিত্রটি।

‘টোয়ালাইট’ বক্স অফিসকে সন্তুষ্টও করে। এরপর একে একে নির্মিত হয় আরও চারটি পর্ব। প্যাটিনসন হয়ে ওঠেন আন্তর্জাতিক তারকা।

‘টোয়ালাইট’ শেষ হওয়ার পর প্যাটিনসন বেছে নেন অন্য পথ। যদিও বড় বাজেটের কাজে যুক্ত হওয়ার সুযোগ ছিল তার। কিন্তু তা করেননি।

তরুণ ধনকুবেরের চরিত্রে ২০১২ সালে ডেভিড ক্রোনেনবার্গের ‘কসমোপলিস’ সিনেমায় অভিনয় করেন প্যাটিনসন। এডওয়ার্ড কালেনের রোমান্টিক আবহ থেকে সম্পূর্ণ আলাদা ছিল এই চরিত্র।

এরপর ২০১৫ সালে ‘কুইন অব দ্য ডেজার্ট’ এবং ২০১৬ সালে জেমস গ্রের ‘দ্য লস্ট সিটি অব জেড’–এর মত জনপ্রিয় সিনেমায় প্যাটিনসনকে পায় দর্শক।

এসব সিনেমায় সুদর্শন তারকার চেনা ছবি ভেঙে চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে ফেলার চেষ্টায় থাকেন প্যাটিনসন।

তবে অভিনেতার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমাগুলোর একটি ‘গুড টাইম’, মুক্তি পায় ২০১৭ সালে। স্যাফডি ভ্রাতৃদ্বয় পরিচালিত এই ক্রাইম থ্রিলারে তিনি কনি নিকাস নামের এক ছোটখাটো অপরাধীর চরিত্রে অভিনয় করেন।

যিনি জেলে বন্দী ভাইকে বের করে আনার জন্য মরিয়া। নিউ ইয়র্কের অন্ধকার জগতে বিচরণ শুরু করেন। সিনেমা বিশ্লেষকরা বলেন, এই সিনেমার কাজটি অতীতের সবগুলো থেকে আলাদা। ‘গুড টাইম’ সিনেমায় তার চরিত্রটি একই সঙ্গে অসহায় ও বিপজ্জনক।

প্যাটিনসনের অভিনয়জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ সিনেমা ‘হাই লাইফ’, প্রেক্ষাগৃহে আসে ২০১৮ সালে। ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনিসের সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমায় মহাকাশে পাঠানো এক বন্দীর চরিত্রে অভিনয় করেন প্যাটিনসন।

যার জীব্ন শুরু হয় পৃথিবী থেকে অনেক দূরে এক মহাকাশযানে।

এরপর ২০১৯ সালে রবার্ট এগার্সের ‘দ্য লাইটহাউস’। এই সিনেমা প্যাটিনসনের অন্যতম আলোচিত কাজ। উইলেম ডাফোর সঙ্গে অভিনয় করেছেন তিনি। গল্পে দুজন বাতিঘরের কর্মীকে একটি নির্জন দ্বীপে দায়িত্ব পালন করতে দেখা যায়। ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় অবিশ্বাস, দ্বন্দ্ব ও মানসিক অস্থিরতা।

প্যাটিনসন ফের বড় বাজেটের সিনেমায় ফেরেন। তবে এবার তার ফেরা ছিল অভিনয়শিল্পী হিসেবে নিজের দক্ষতা প্রমাণের তাগিদে।

২০২০ সালে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় নীল চরিত্রে অভিনয় করেন প্যাটিনসন। সময়ের বিপরীতমুখী যাত্রা, গুপ্তচরবৃত্তি ও জটিল বৈজ্ঞানিক ধারণার ওপর নির্মিত এই সিনেমায় চিত্রনাট্য। প্যাটিনসনরর চরিত্রটি রহস্যময়, বুদ্ধিদীপ্ত এবং একই সঙ্গে রসবোধসম্পন্ন।

একসময় যাকে তার ভক্তরা দেখেছে ভ্যাম্পায়ারের প্রেমিক হিসেবে, সেই তরুণ হয়ে উঠলেন আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির গল্পের এক আকর্ষণীয় চরিত্র।

২০২২ সালে আসে আরেকটি বড় চমক। ম্যাট রিভসের দ্য ব্যাটম্যান সিনেমায় ব্রুস ওয়েন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হন অভিনেতা। এর আগে মাইকেল কিটন, ক্রিশ্চিয়ান বেল ও বেন অ্যাফ্লেকের মতো অভিনেতারা এই চরিত্রে অভিনয় করেছেন।

ফলে প্যাটিনসনের সামনে চ্যালেঞ্জ ছিল বেশ শক্ত।

প্যাটিনসন অবশ্য আগের ব্যাটম্যানদের অনুকরণ করার পথে হাঁটেননি। তার ব্রুস ওয়েন ছিলেন বিষণ্ন, একাকী এক মানুষ, যিন মানসিকভাবে বিপর্যস্ত এক মানুষ।

বিশ্বব্যাপী ৭৭ কোটি ডলারের বেশি আয় করে সিনেমাটি। সমালোচকদের কাছেও প্রশংসিত হন তিনি।

ব্যাটম্যান হিসেবে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন অনেক দর্শক। ২০২৮ সালে ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’ মুক্তি পেতে পারে।

এবার চ্যালেঞ্জ ‘জিরোজিরোসেভেন’

প্যাটিনসনের কাঁধে বড় দায়িত্ব এখন বন্ড হয়ে ওঠা। পুরনো বন্ডদের উত্তরসূরী কে হতে চলেছেন তা নিয়ে ভক্তদের জল্পনার শেষ ছিল না। সিএনএন জানিয়েছিল, বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন ও হ্যারিস ডিকিনসন এবং অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডিসহ আরও একজন।

পরে পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় প্যাটিনসন ছাড়াও জশ ও’কনর ও ক্যালাম টার্নার টিকে থাকেন।

খবর উড়েছে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্যাটিনসনকে চুক্তির ক্ষেত্রে বেশি সুবিধাজনক শর্ত দেওয়া হয়েছে। তবে না নিয়ে মুখ খোলেননি অভিনেতা।

১৯৬২ সালে শন কনেরি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম ছবি ‘ড. নো’ দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। এরপর জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান বন্ড হয়েছেন। ব্রসনানের পর ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিতে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করার পর ব্রিটিশ স্পাই চরিত্রটিকে ২০২১ সালে বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়।

ক্রেইগের বিদায়ের পর সে সময় বন্ড ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, দুটি শর্তে কোনো নড়চড় নেই। সেগুলো হল বন্ডের বয়স এবং উচ্চতা। নতুন বন্ডকে ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে, যাতে দীর্ঘসময় তাদের সঙ্গে সেই অভিনেতা থাকতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চতা। নতুন বন্ডের উচ্চতা কম হলেও হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।

এছাড়া নির্মাতারা চাইছিলেন, বন্ড হয়ে যে অভিনেতাই আসুন না কেন, তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক বন্ড হয়ে থাকতে হবে। অভিনেতার অভিনয় গুণ এবং যাবতীয় শর্ত পূরণ হলে তবেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হবে।

ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইয়ন ফিল্মস। বন্ড কে হবেন, তার চলাফেরা থেকে শুরু করে অস্ত্র তাক করার স্টাইল কেমন হবে সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘ ৬৩ বছর পর বন্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ইয়ন ফিল্মস।

অ্যামাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি চুক্তি হয়। ওই চুক্তির ফলে উইলসন ও ব্রোকলি এককভাবে বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ হারায়।

সে সময় এক বিবৃতিতে বলা হয়েছে উইলসন ও ব্রোকলি সহ স্বত্বাধিকারী হিসেবে থাকছেন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে অ্যামাজন এমজিএম।

শেষ পর্যন্ত অ্যামাজন এমজিএমের সিদ্ধান্তে দায়িত্বটি পেলেন রবার্ট প্যাটিনসন। নতুন সিনেমাটি হবে বন্ড সিরিজের ২৬তম সিনেমা।

প্যাটিনসনের কথায় জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া স্বপ্ন পূরণের মত।