২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদে ‘মারধর-চুরি’: বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন কারাগারে

গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর রুহুল আমিনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মসজিদে ‘মারধর-চুরি’: বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন কারাগারে

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 08:08 PM

Updated : 27 Nov 2026, 08:08 PM

প্রবাস ফেরত এক ব্যবসায়ীকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে মারধরসহ ৩০ হাজার টাকা চুরির মামলায় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর এ আদেশ দেন বলে তথ্য দিয়েয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান।

গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর রুহুল আমিনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করলে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার পরিদর্শক হাবিবুর রহমান রিমান্ড শেষে রুহুল আমিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এসআই রোকনুজ্জামান বলেন, আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রুহুল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররমের খতিব ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

চব্বিশের ৫ অগাস্টে পটপরিবর্তনের পর ওই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে তার অনুসারী ও বিরোধীদের মধ্যে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে সংঘর্ষ হয়। এর দুদিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি বায়তুল মোকাররমের খতিব পদ হারান।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা রুহুল আমিনের বাবা 'ছদর ছাহেব হুজুর' খ্যাত মাওলানা শামছুল হক ফরীদপুরী। তিনি গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ এবং কওমি মাদ্রাসাগুলোর অন্যতম বোর্ড গওহরডাঙ্গার (বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা) সভাপতি ছিলেন।

পাশাপাশি তিনি কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সনদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর সদস্য ছিলেন।

২০১৮ সালের নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'কওমি জননী' উপাধি দিয়ে আলোচনায় আসেন রুহুল আমিন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।