২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা কবরস্থানে শায়িত হলেন নির্মাতা মাতিয়া বানু শুকু

গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণী এ নির্মাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 08:03 PM

Updated : 27 Nov 2026, 08:02 PM

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতিয়া বানু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী।

মাতিয়া বানু শুকুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এরশাদুল হক টিংকু জানান, এক বছরের বেশি সময় আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর গত শনিবার তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয় এবং রাত ১২টার দিকে চিকিৎসক মৃত্যুর খবর জানান।

এদিকে গুণী এ নির্মাতার মৃত্যুতে শিল্পাঙ্গনে শোক নেমে এসেছে। শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। এ সময় সহকর্মী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

বকুলতলা থেকে সকাল সাড়ে ১১টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর ১টা পর্যন্ত সেখানে রাখা হয়। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। বাদ জুমা সেখানে জানাজা শেষে মরদেহ উত্তরায় নেওয়া হয়।

দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে সৃজনশীল কাজ করেছেন মাতিয়া বানু শুকু। মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার গল্পগুলো তার নির্মাণে নিপুণভাবে ফুটে ওঠে।

২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’ এর মত জনপ্রিয় টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।

পুরনো খবর:

পরিচালক মাতিয়া বানু শুকু আর নেই