১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কঠোর নিরাপত্তায় মেহেদীর দাফন, লাশ বাড়িতে নিতে না পারার অভিযোগ

স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর পিটুনিতে নিহত হন যুবলীগ কর্মী মেহেদী হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 10:59 PM

Updated : 17 Nov 2026, 10:59 PM

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর পিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে নগরের মাসকান্দা গণশার মোড় সিটি করপোরেশন গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে সেখানেই দাফন করা হয়। এ সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।

মেহেদীর মরদেহ দাফনের জন্য নানার বাড়িতে নেওয়া হলেও স্বামীর মরদেহ নিজ বাড়িতে নেওয়ার ইচ্ছা ছিল তার স্ত্রী মীম আক্তারের। তবে নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

মীম আক্তার বলেন, “আমাদের নিরাপত্তার জন্য মরদেহের সঙ্গে দুজন পুলিশ সদস্য ছিলেন। আমার স্বামীকে নানার বাড়ি মাসকান্দা গণশার মোড় এলাকায় দাফন করতে হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল, স্বামীকে তার নিজের বাড়িতে কবর দেব। কিন্তু পুলিশ মরদেহ মধ্য বাড়েরা এলাকায় নিয়ে যেতে দেয়নি।”

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন মেহেদীর স্বজনদের নিরাপত্তার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার এসআই রুহুল আমিন।

তিনি বলেন, “আমরা মরদেহ কোথায় নিতে হবে, সে বিষয়ে কোনো বাধা দিইনি। তবে আমাদের কাছে খবর ছিল, মেহেদীর মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে গেলে ঝামেলা হতে পারে। তাই তার স্বজনদের সতর্ক করা হয়েছে।”

এর আগে মেহেদীর মরদেহ ৩৬ ঘণ্টার বেশি সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে পড়ে ছিল। মঙ্গলবার দুপুর পর্যন্ত পরিবারের কেউ মরদেহ নিতে না আসায় পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দাফনের প্রস্তুতি নিচ্ছিল। পরে স্বজনেরা বিকাল ৪টার দিকে মরদেহ গ্রহণ করেন।

মেহেদী হাসানের বাড়ি নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে খুন হন একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। ওই সময় নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মেয়ের সামনেই তাকে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর রোববার দিবাগত রাত ১টার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বাড়িতে আগুন দেওয়ার ঘটনা দেখতে সেখানে গেলে উত্তেজিত লোকজন মেহেদীকে পিটিয়ে হত্যা করেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়।

এদিকে মঙ্গলবার বিকালে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় পরিবার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।

এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি বলে জানিয়েছে পুলিশ।