শুকির বিদায়ী ম্যাচে রবিনিয়োর নৈপুণ্যে কিংসের জয়
এ যাত্রায় শেষবারের মতো ফর্টিস এফসির হয়ে খেললেন শুকি ইতোফুসা, কিন্তু জাপান প্রবাসী এই উইঙ্গারের শেষটা হলো হতাশায়।
পেনাল্টি থেকে লক্ষ্যভেদের পর, দ্বিতীয়ার্ধে দৃষ্টিনন্দন ফ্রি কিকে জাল খুঁজে নিলেন রবসন দি সিলভা রবিনিয়ো। সহজ জয়ের পথেই ছুটল বসুন্ধরা কিংস। শেষ দিকে এক গোল শোধ করে ফর্টিস এফসি ম্যাচ কিছুটা জমিয়ে তুলল বটে, কিন্তু আটকাতে পারল না কিংসকে। তাতে ফর্টিসের হয়ে জাপান প্রবাসী উইঙ্গার শুকি ইতোফুসার শেষটাও হলো হতাশায়।
ঘরের মাঠ কিংস অ্যারেনায় শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে কিংস। এই জয়ের পর, পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে মোহামেডানকে পেছনে ফেলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনীকে ৩-২ গোলে হারানো পুলিশ এফসি। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে মোহামেডান, তারা এদিন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে হেরেছে ২-১ গোলে।
৭ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে ষষ্ঠ স্থানে।
শুকিকে বেঞ্চে রেখে খেলতে নামা ফর্টিস পিছিয়ে পড়ে ষোড়শ মিনিটে ফর্টিস। ডান দিক থেকে রাকিব হোসেনের বক্সে বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিতে যাওয়া রবিনিয়োকে পেছন থেকে মিঠু চৌধুরী ফাউল করলে পেনাল্টি পায় কিংস। সুজান পেরেইরা বলের লাইনে ঝাঁপালেও আটকাতে পারেননি রবিনিয়োর শট।
প্রথমার্ধের যোগ করা সময়ে রাকিবের শট ঝাঁপিয়ে কর্নার করে দেন পেরেইরা।
দ্বিতীয়ার্ধে মোহাম্মদ ইব্রাহিমকে তুলে রাফায়েল টুডুকে নামান ফর্টিস কোচ। একটু পরই রবিনিয়োর দৃষ্টিনন্দন ফ্রি কিকে ব্যবধান হয় দ্বিগুণ। বক্সের একটু উপর থেকে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট রক্ষণ দেয়ালের উপর দিয়ে উড়ে, লাফিয়ে ওঠা গোলকিপারের গ্লাভসকে ফাঁকি দিয়ে, ক্রসবারের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
৭৩তম মিনিটে ম্যাচে প্রাণ ফিরে। কর্নারে মিঠুর হেড কাছের পোস্টে থাকা রাকিবের মাথা ছুঁয়ে জালে জড়ায়।
চার মিনিট পর ইনসান হোসেনের বদলি নামেন শুকি। চুক্তি শেষের আগেই জাপান প্রবাসী এই উইঙ্গার নতুন ঠিকানা খুঁজে নিতে ফর্টিসকে বিদায় বলে দিয়েছেন। ফলে, এ যাত্রায় ফর্টিসের হয়ে শেষবারের মতো খেলতে নামলেন তিনি। অবশ্য শুকি পারেননি তেমন কোনো ছাপ রাখতে। ফর্টিসও পেল লিগে প্রথম হারের স্বাদ।
