১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘চালচিত্রের’ প্রিকুয়াল: টোটার মুখোমুখি এবার চঞ্চল

‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ মুক্তি পাবে শিগগিরই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 06:42 PM

Updated : 18 Nov 2026, 06:42 PM

দুবছর আগে কলকাতায় একঝাঁক তুখোর সহকর্মীকে নিয়ে সিরিয়াল কিলার ধরতে গিয়ে ‘চালচিত্র’ সিরিজ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা টোটা রায়চৌধুরী।

সেই সিরিজে বিশেষ চরিত্রে বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্বর অভিনয় নজর কাড়ে। এবার সিরিজের প্রিকুয়াল আসছে। তাতে ‘আলো ছড়াবেন’ বাংলাদেশের আরেক অভিনেতা।

কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, সেই অভিনেতা হলেন চঞ্চল চৌধুরী; তিনি টোটার মুখোমুখি হয়েছেন ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ এ।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই প্রিকুয়ালের ১ মিনিট ৮ সেকেন্ডের টিজার প্রকাশ পেয়েছে। এবারে ‘চালচিত্রের’ এক যুগ আগের ঘটনা দেখানো হয়েছে।

টিজারের ভিডিওর শুরুতেই আছেন চঞ্চল, তাকে শিবপুকুর থানার সামনে আগাতে দেখা যায়। এরপর আসেন টোটা, তিনি অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তা কণিষ্ক চ্যাটার্জি চরিত্রে। তাকে বলতে শোনা যায়, ‘প্রাণ কেড়ে নিয়ে কেউ ভগবান হতে পারে না’।

পাল্টা সংলাপে হুঁশিয়ারি দেন নাসির রহমান চরিত্রের অভিনেতা চঞ্চল। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘জীবন-মৃত্যুর এই নতুন খেলায় আমিই স্রষ্টা, আমিই সম্রাট, আমিই সর্বেশ্বর’।

টিজারের ভিডিওতে স্পষ্ট যে অপূর্বর মতই ‘চালচিত্র’ সিরিজের প্রিকুয়ালে খলচরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।

‘চালচিত্র’ সিরিজের চিত্রনাট্যের পুনরাবৃত্তি দেখা গেছে প্রিকুয়ালেও। এখানেও দেখানো হয়েছে কলকাতায় একের পর এক নারী খুন হচ্ছেন।

খুন হওয়া নারীদের পরনে লাল পাড়ের সাদাশাড়ি, হাতে শাখা-পলা, গলায় পদ্মফুলের মালা। হত্যার পর চালচিত্রে টাঙিয়ে রাখা হয়েছে লাশগুলো। নিজেকে ‘কষ্ট থেকে মুক্তি’ দানকারী উদ্ধারকর্তা মনে করেন নাসির রহমান। অপরদিকে খুনের রহস্যের জাল খুলতে তদন্তে ব্যস্ত পুলিশ সদস্যরা।

প্রিকুয়াল পরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত। টিজারে টোটা-চঞ্চল ছাড়াও দেখা মিলেছে অনির্বাণ চক্রবর্তী এবং শ্বেতা মিশরার।

‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ মুক্তি পাবে আগামী মাসে।