সংসদীয় কমিটিতে না পাঠিয়ে ভ্যাট সংশোধন বিল পাসের অনুরোধ অর্থমন্ত্রীর
বিলটি নিয়ে কারও আপত্তি থাকলে সংসদের বিধি অনুযায়ী তা বিবেচনার কথা বলেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক সংশোধন বিল সংসদীয় স্থায়ী কমিটিতে না পাঠিয়ে পাস করার অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তবে বিলটি নিয়ে কারও আপত্তি থাকলে সংসদের বিধি অনুযায়ী তা বিবেচনার কথা বলেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সোমবার জাতীয় সংসদে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপনের পর এ আলোচনা হয়। এ সময় ডেপুটি স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
কার্যপ্রণালি বিধির ৭৫ অনুযায়ী স্বল্প সময়ের নোটিসে বিলটি উত্থাপনের সুযোগ দেন ডেপুটি স্পিকার। পরে অর্থমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন।
এরপর অর্থমন্ত্রী পরদিন মঙ্গলবার বিলটি পাসের প্রস্তাব দিলে ডেপুটি স্পিকার সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর বিষয়টি তোলেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, “মাননীয় স্পিকার, এটা একটি ইনোসেন্ট বিল। আমার মনে হয় না বিরোধী দলের কোনো আপত্তি থাকবে। কমিটিতে না গিয়ে আমি আশা করব, এই বিলটি আমরা আগামী একদিনের সময় দিয়ে উত্থাপন করার জন্য এবং স্থায়ী কমিটিতে না পাঠানোর জন্য আমি অনুরোধ করছি।”
তখন ডেপুটি স্পিকার বলেন, “আপনি কালকে উত্থাপন করতেন। যদি আপত্তি থাকে, বিধি অনুসারে উনারা উনাদের বক্তব্য রাখবেন।”
সাধারণত সংসদে বিল উত্থাপনের পর তা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। তবে অর্থমন্ত্রী এ বিলের ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ না করার অনুরোধ জানান।
গত ১৪ অক্টোবর জারি করা অধ্যাদেশকে আইনে পরিণত করতে বিলটি আনা হয়েছে। চলতি অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, “২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা শিথিল করে তিন মাস অন্তর রিটার্ন দেওয়ার বিধান করা হয়েছিল। কিন্তু এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা সমস্যা হচ্ছে বলে কর কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে লিখিত বক্তব্য পাওয়া গেছে। এ কারণে প্রস্তাবিত সংশোধনীতে প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বিধান ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।”
বিলে বলা হয়েছে, প্রত্যেক নিবন্ধিত, তালিকাভুক্ত কিংবা নিবন্ধন বা তালিকাভুক্তির যোগ্য ব্যক্তিকে সংশ্লিষ্ট করমেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে রিটার্ন জমা দিতে হবে।
অর্থমন্ত্রীর অনুরোধ ও ডেপুটি স্পিকারের বক্তব্যের পর বিলটি পাসের বিষয়ে ওই সময় আর কোনো সিদ্ধান্ত হয়নি।
