১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু কথা কিছু ব্যথা, হাহাকার বুকে চেপে আশার কথকথা

জোহানেসবার্গ টেস্টে প্রথম তিন দিনে বিশ্বের এক নম্বর দলের সঙ্গে সমান তালে লড়েও শেষ পর্যন্ত জিততে না পারায় পুড়ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হৃদয়, তবে স্বপ্ন দেখছেন তিনি পরের টেস্ট ঘিরে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 09:47 PM

Updated : 19 Nov 2026, 09:47 PM

কখনও লেংথ বল, কখনও বাউন্সার, কখনও হাফ ভলি, কখনও বা ইয়র্কার, নানারকম ডেলিভারিই ছুটে গেল নাজমুল হোসেন শান্তর দিকে। জোহানেসবার্গের ২২ গজে ব্যাট হাতে সফল না হলেও সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী কণ্ঠেই সব ডেলিভারির জবাব দিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সংবাদ সম্মেলন শেষে মঞ্চ থেকে নেমেই খুলে গেল তার পেশাদারিত্বের খোলস। তার চেহারায় হতাশার ছাপ, কণ্ঠে হাহাকার। পরিচিত বাংলাদেশি সংবাদকর্মীকে বললেন, “কী একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল ভাই…!”

পিঠ চাপড়ে তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেই তিনি মনের আগল খুলে দিলেন আরও, “আমরা অনেক সাহস দেখিয়েছি ভাই। দক্ষিণ আফ্রিকায় এসে সিরিজের প্রথম ইনিংসে ব্যাট করতে চায় কয়টা দল? আমরা ব্যাট করেছি। চারশ রান করেছি। ম্যাচটা হাতে আমাদের হাতে ছিল… আবার যে কবে এমন চান্স আসে…!”

পেশাদার সংবাদকর্মী, যিনি একটু আগেও প্রশ্নের তির ছুড়েছেন, তার মনেও বিষাদের রেখাপাত পড়ে গেল অধিনায়কের কষ্টের ভাষায়। দিনশেষে, সবারই পেশাদারিত্বের বাইরে তো দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য দরদ একইরকম!

কেন এরকম সুযোগ হারিয়ে ফেলল বাংলাদেশ? কেন দক্ষিণ আফ্রিকার মতো দলকে বাগে পেয়েও কেন হারাতে পারল না শান্তর দল?

সংবাদ সম্মেলনে শান্ত দুটি কারণ স্পষ্ট করেই বলেছেন, ‘ক্যাচ হাতছাড়া হওয়া’ এবং মাত্রাতিরিক্ত ‘নো’ বল। সেখানে পেশাদারত্বের আবরণেই ব্যাখ্যা করেছেন। কিন্তু পরে আড্ডায় আরেকটু খোলামেলা তিনি, “ম্যাচ শুরুর আগে টিম মিটিংয়ে বলেছিলাম, আমরা যদি ক্যাচগুলি ঠিকঠাক নিতে পারি, তাহলে জিতব। ক্যাচ নিতে না পারলে হারব। দেখেন, সেটাই হলো…।”

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ার রায়ান রিকেলটন জীবন পেয়েছেন শূন্য রানে। আরেকবার বেঁচে গেছেন ৫৮ রানে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১০২ রানে। চতুর্থ দিন সকালে তার সঙ্গে কাগিসো রাবাদার শতরানের জুটিতে ম্যাচ হেলে পড়ে দক্ষিণ আফ্রিকার দিকে। ক্যারিয়ার সেরা ৭২ রান করেন রাবাদা। কিন্তু ক্যাচ দিয়েও রক্ষা পান ৩৮ রানে।

সেই ক্যাচগুলি যদি না পড়ত?

শান্তর ভাবনাই শুনুন, “ক্যাচগুলি যদি আমরা নিতে পারতাম, তাহলে খুব বেশি হলেও ওদের রান হতো চারশ বা এর আশেপাশে। এক ইনিংসের খেলা তখন। মাইন্ডসেটই অন্যরকম থাকত। আমরা দুইশ রান করলেও শেষ ইনিংসে ওদের জন্য কঠিন হতো…।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনের ঐতিহাসিক জয়ের প্রসঙ্গও এলো, “ডারউইনে ভাই আমরা ওদেরকে কোনো সুযোগ দেইনি। অস্ট্রেলিয়ার মতো দল, এখান দক্ষিণ আফ্রিকা এক নম্বর দল, ওরা সামান্য সুযোগ পেলেই সেটা কাজে লাগাবে। আমরা সেই সুযোগটি ওদেরকে দিয়েছি এবার।”

বাংলাদেশ অধিনায়কের সঙ্গে দ্বিমত করার জায়গা সামান্যই। কিন্তু ক্যাচ নেওয়াও তো তাদেরই কাজ!

অনেক সময়ই ক্রিকেটাররা বলে থাকেন, “ক্যাচ মিস খেলারই অংশ।” সেটিতে ভুল নেই। তেমনি আরও বড় সত্যি, ক্যাচ নেওয়াও তো খেলারই অংশ!

সেখানে শান্ত ঠিক ভাষা খুঁজে পেলেন না। তেমন কিছু আসলে বলার নেই। আঙুল তো তাদের দিকেই ওঠে! শান্ত নিজেও স্লিপে ছেড়েছেন ক্যাচ।

তবে আরেকটি বাস্তবতার কথাও তুলে ধরতে হবে। বেশ কিছুদিন ধরেই তো ফিল্ডিং কোচ নেই বাংলাদেশ দলের! শারীরিক অসুস্থতার কারণে জেমস প্যামেন্ট দায়িত্ব ছাড়ার পর ভালো কোনো ফিল্ডিং কোচ পায়নি দল। দেশের কোচ আশিকুর রহমান মজুমদার কিছুদিন দায়িত্ব পালন করেছেন বটে। তবে তার সীমাবদ্ধতাও স্পষ্ট হওয়ায় এই সফরে তাকে রাখেনি কোচ।

যদিও কিছু সংবাদমাধ্যমে ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা আপাতত ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন। তবে বিসিবি পরে বিবৃতিতে জানায়, মাকেতা সহকারী কোচের কাজই করবেন, সবকিছুতেই সহায়তা করা যার দায়িত্ব। আপাতত তাই ফিল্ডিং কোচের কাজ চালাচ্ছেন সবাই মিলেই।

কিন্তু এই যুগে বিশেষজ্ঞ কোচ ছাড়া তো কাজ চলে না! শান্তও অসহায়ত্বের কণ্ঠে বললেন, “ফিল্ডিং কোচ খুঁজছে বোর্ড…।”

ম্যাচ হারার আরেকটি যে কারণ চিহ্নিত করেছেন শান্ত, সেখানে বিশেষজ্ঞ কোচ আছেন। বেশ কিছুদিন ধরেই পেস বোলিং কোচের দায়িত্ব পালন করছেন তালহা জুবায়ের। তবে গত কিছুদিনে একটি সমস্যা প্রকট হয়ে উঠেছে, ‘নো বল।’

এই টেস্টের প্রথম ইনিংসে তিন পেসার মিলে নো বল করেছেন ১০টি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ইনিংসের শুরুর দিকেই জুবাইর হামজা এলবিডব্লিউ হতে পারতেন তাসকিন আহমেদের বলে। কিন্তু সেটি ছিল নো বল। তখণ ৪ রানে থাকা হামজা পরে আউট হন ৮২ রানে। মার্কাস অ্যাকারম্যানের সঙ্গে হামজার ডাবল সেঞ্চুরি জুটি থামতে পারত শুরুতেই!

পরে হাসান মাহমুদের নো বলে বোল্ড হন শেষ ব্যাটসম্যান ডেন প্যাটারসন। তাতে পঞ্চম উইকেট থেকে নিজেকে যেমন বঞ্চিত করেন হাসান, তেমনি দলকেও ভোগান্তিতে পড়তে হয়। দ্বিতীয় ইনিংসে ছোট্ট রান তাড়ায় এইডেন মার্করামকেও হারাতে পারত দক্ষিণ আফ্রিকা। কিন্তু তার স্টাম্প উড়িয়ে দেওয়া ইবাদত হোসেনের ডেলিভারিটি ছিল নো বল।

ওই ডেলিভারিগুলো বৈধ হলে কী হতো, সেটা অবশ্য বিশদ আলোচনার ব্যাপার। তবে নো বল যে এই টেস্টে বাংলাদেশকে ভুগিয়েছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না!

অধিনায়কের সঙ্গে কথা বলে জানা গেল, হাইভেল্ডে এই ভেন্যুতে আউটফিল্ড থেকে উইকেট একটু বেশিই উঁচুতে। তাই মানিয়ে নিতে সমস্যা হয়েছে বলে পেসাররা বলেছেন।

এই যুক্তিকে সত্যি ধরে নিলেও তো কথা থাকে। এই ম্যাচেই তো নয়, সাম্প্রতিক সময়ে নো বল সমস্যা দেখা যাচ্ছে নিয়মিতই। তাসকিন তো প্রতি ম্যাচেই নো বল করছেন কিছু। তালহা বোলিং কোচ হওয়ার পর সাত টেস্টে নো বল হয়েছে ২৭টি।

এখানে তালহাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়তো যায় না। তবে তিনি যেহেতু পেস বোলিং কোচ, তার দায় তো থাকেই!

পেস বোলিংয়ে আরেকটি আলোচিত প্রসঙ্গ ছিল শরিফুল ইসলামকে না খেলানো। বাংলাদেশের একাদশ ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, শরিফুল ইসলাম কেন একাদশে নেই। পরবর্তী দিনগুলোয় সেই প্রশ্ন উচ্চকিত হয় আরও। দক্ষিণ আফ্রিকার ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটাররাও প্রশ্নটি তোলেন বারবার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই সেটির ব্যাখ্যা দেন অধিনায়ক শান্ত।

“আমাদের বোলিং কম্বিনেশন যদি দেখেন, তাসকিন ও হাসান, ওরা মূলত নতুন বলের বোলার। শরিফুলও বেশির ভাগ সময় নতুন বলে বল করতেই পছন্দ করে। আমাদের তাই এমন একজনকে প্রয়োজন ছিল, যে মাঝের ওভারগুলোতে বল করতে পারে, ইবাদতের মতো একজন, যে কিছুটা দ্রুতগতিতে বল করতে পারে। এজন্যই আমরা ইবাদতকে বেছে নিয়েছি। কখনও কখনও আমরা ওয়ার্কলোডের ব্যাপারটিও বিবেচনা করি। বোলিং কম্বিনেশনে আমরা তাই ঘুরিয়ে-ফিরিয়ে খেলাই।”

পরে আরেক দফায় প্রশ্নে তিনি আরও বিস্তারিত শোনালেন তাদের সিদ্ধান্তের পেছনের ভাবনা।

“শরিফুল, তাসকিন, হাসান, সবাই নতুন বলে খুব ভালো বল করে। হাসান তো পুরান বলেও ভালো করছে, তাসকিনও করে। তবে আমাদের যে বোলিং বিভাগ, আমাদের যে পাঁচটা-ছয়টা বোলার আছে, এদেরকে আসলে পর্যায়ক্রমে খেলাতে হয়। কখনও কখনও সিদ্ধান্ত নেওয়াটাও আমাদের জন্যও কঠিন হয়। আমাদের অনেক বোলার আছে, পরপর দুই-তিনটি টেস্ট খেলার মতো অবস্থানে থাকে না। আমাদের ব্যাকআপে অনেক বোলার নেই। ওই ক্ষেত্রে ওই হিসাব করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়।

“এখানে কন্ডিশনটা যেরকম ছিল, পুরোনো বলে একজন বোলার দরকার ছিল, যে কি না একটু হুমকি তৈরি করবে। ইবাদত সবসময় এটা করে থাকে। সে দুর্ভাগ্যজকভাবে সেটা করতে পারেনি। তবে আমার মনে হয়, কম্বিনেশনটা আমরা ভালো পিক করেছিলাম।”

তার পরও প্রশ্ন রয়ে যায়, তিন পেসারের সবাই ডানহাতি। সেখানে একজন বাঁহাতি থাকলে তো বৈচিত্র আসে, প্রতিপক্ষের ব্যাটসম্যানদেরও ভিন্ন কিছু ভাবতে হয়!

শান্ত বললেন, এটা তাদের বিবেচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত পুরোনো বলে ইবাদতের স্কিলকেই তারা বেশি গুরুত্ব দিয়েছেন। “

“এই বিবেচনা সবসময় থাকে। কারণ একটা বাঁহাতি পেস বোলার থাকলে, একটা সময় দেখা যায় যে উইকেট ক্ষত হয, ওখানে স্পিনাররা সহায়তা পায়। এটা সবসময় বিবেচনায় থাকে। তবে আমি যেটা একটু আগে ব্যাখ্যা করলাম, ওই বিষয়গুলোর কারণে এই ম্যাচটায় শরিফুলকে খেলানো হয়নি।”

চোট-টোটে না পড়লে পরের টেস্টে শরিফুল নিশ্চিতভাবেই খেলছেন। টেনিস এলবোর চোটের কারণে বিপাকে থাকা হাসান মাহমুদ নিশ্চিতভাবেই থাকছেন না পরের টেস্টে। পেস আক্রমণে আরও একট পরিবর্তন আসতে পারে। সৈয়দ খালেদ আহমেদও প্রবলবাবে থাকবেন বিবেচনায়।

তবে একাদশ যেমনই হোক, আপাতত আশায় বেসাতিই গড়ছেন শান্ত। জোহানেসবার্গে সুযোগ হাতছাড়া নিয়ে হাহাকারের মধ্যেই আড্ডা শেষে বেরিয়ে যাওয়ার সময় বলে গেলেন, “অনেক পজিটিভ আছে কিন্তু ভাই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আমাদের কাছে এসে অনেক প্রশংসা করেছে। দেখা যাক, সেঞ্চুরিয়নে যদি আরও ভালো কিছু হয়…!”

সেই সেঞ্চুরিয়ন টেস্টের লড়াই শুরু সোমবার।